বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ওল

উইকিসংকলন থেকে
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ১১২)

ওল আরাসিই গোত্রের (Family-Araceae) একবর্ষজীবী গুল্ম। সাধারণতঃ বুনো ওল (আমর্ফোফালস সিল্‌ভাতিকস, (Amorphophalus sylvaticus) ও কৃষিজাত ওল (আমর্ফোফালস কাম্‌পালাভস, Amorphophalus campanulatus) এই দুই রকমের ওল দেখা যায়। বুনো ওল অখাদ্য; বর্ষার শেষে বনজঙ্গলে ইহা আপনা হইতেই জন্মিয়া থাকে। কৃষিজাত ওলের মধ্যে চিত ওল, মুগি ওল এবং বাঘা ওলই প্রধান। ওলের কন্দটি (কর্‌ম, corm) রূপান্তরিত কাণ্ড; ইহাতে গাছের খাদ্য সঞ্চিত হইয়া থাকে। এ দেশে ওলের কন্দ, কচি ডাঁটা ও কচি পাতাও খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। ক্যালসিয়াম অক্‌সালেট নামক রাসায়নিক পদার্থের কেলাস থাকায় ওল খাইলে গলা কুটকুট করে। একটু উঁচু জমিতে যেখানে জলনিকাশের ভাল ব্যবস্থা আছে এবং গাছের গোড়ায় উঠস্ত ও পড়ন্ত রোদ লাগে এরূপ স্থানেই ওল ভাল জন্মায়। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের হাতিশুড়া ওল সুস্বাদু ও ওজনে ভারি। হাওড়া জেলার সাঁতরাগাছির ওলও উৎকৃষ্ট। ওলের ফুল বড় বড় ঘণ্টার আকৃতিবিশিষ্ট। আয়ুর্বেদ শাস্ত্রের মতে ওল রুচিকারক, লঘু ও কৃমিনাশক এবং ইহাতে কফ, অর্শ, প্লীহা ও গুল্মরোগ আরোগ্য হয়; কিন্তু দদ্রু, রক্তপিত্ত ও কুষ্ঠরোগে ইহা অনিষ্টকর।

দ্র কালীপদ বিশ্বাস ও এককড়ি ঘোষ, ভারতীয় বনৌষধি, ৩য় খণ্ড, কলিকাতা, ১৯৫২; L. S. Cobley, An Introduction to the Botany of Tropical Crops, London, 1956.

গোপালচন্দ্র ভট্টাচার্য