বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ওল্ডহ্যাম, টমাস

উইকিসংকলন থেকে

ওল্ডহ্যাম, টমাস (১৮১৬-৭৮ খ্রী) ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণের (জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়া) প্রথম কর্ণধার। ৩৫ বৎসর বয়সে ১৮৫১ খ্রীষ্টাব্দে তিনি এই পদে অধিষ্ঠিত হন এবং ১৮৭৬ খ্রীষ্টাব্দে অবসর গ্রহণ করেন। ভারতে আগমনের পূর্বে তিনি ডাবলিনে ভূতত্ত্বের অধ্যাপক ছিলেন এবং তখনই রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হইয়াছিলেন। প্রথমে তিনি ছিলেন ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণের একক অফিসার, কিন্তু তাঁহার চেষ্টায় অফিসারের সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি পাইয়া ১৮৭৬ খ্রীষ্টাব্দে ১৭ জনে দাঁড়ায়। ওল্ডহ্যামেরই নেতৃত্বে ভারতে ভূতাত্ত্বিক অনুসন্ধানকার্যের গোড়াপত্তন হয়। তাঁহার সময়ে কয়লার ব্যাপক অনুসন্ধান, গণ্ডোয়ানা শিলাশ্রেণীর আবিষ্কার এবং হিমালয় অঞ্চল, বাংলা, বিহার ও ওড়িশার আর্কিয়ান অঞ্চল এবং আসামের খাসি পাহাড় অঞ্চলের ভূতাত্ত্বিক সমীক্ষা বিশেষ উল্লেখযোগ্য। তিনি নিজেই খাসি পাহাড় ও দামোদর উপত্যকা অঞ্চলের ভূতাত্ত্বিক কাজ আরম্ভ করিয়াছিলেন। তাঁহার নেতৃত্বে ভারতে ভূমিকম্প সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান আরম্ভ হয় এবং প্রথম সর্বভারতীয় ভূতাত্ত্বিক মানচিত্র তৈয়ারি হয়। তিনি পাঁচবার (১৮৬৮, -৬৯, -৭২, -৭৩ ও ১৮৭৬ খ্রীষ্টাব্দ) এশিয়াটিক সোসাইটির সভাপতির পদ অলংকৃত করেন।

অজিতকুমার সাহা