ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ককেশীয় ভাষা
(পৃ. ১৩৮)
ককেশীয় ভাষা ককেশাস অঞ্চলের ভাষাগুচ্ছ। ইহা একটি স্বতন্ত্র ভাষাগোষ্ঠী। পার্শ্ববর্তী ইন্দো-ইওরোপীয়, তুর্ক-মোঙ্গল অথবা সেমীয় ভাষাগোষ্ঠীর সহিত ইহা সম্পক্ত নয়।
ককেশীয় ভাষাগুচ্ছ তিনটি শাখায় বিভক্ত: পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ। কেহ কেহ আবার পূর্ব ও পশ্চিম শাখাকে একত্রে উত্তর ককেশীয় বলিয়া নির্দেশ করিয়াছেন। উত্তর ও দক্ষিণ শাখার পারস্পরিক ভাষাগত সম্পর্ক এখনও স্থিরীকৃত হয় নাই।
ককেশীয় ভাষার সাধারণ বিশেষত্ব ব্যঞ্জনধ্বনির প্রাচুর্য, যুক্ত ব্যঞ্জনের বহুল ব্যবহার এবং বিভিন্ন ব্যঞ্জনধ্বনির সংশ্লেষ। গঠনরীতি অনুসারে ককেশীয় ভাষা সংশ্লেষক ছাঁদের (agglutinating type) অন্তর্গত।
পূর্ব ককেশীয় শাখার ব্যাকরণ অত্যন্ত জটিল। পূর্ব ককেশীয় শাখার প্রধান প্রধান প্রশাখা হইল: চেচেন, আভারো-আন্দি, সামুর প্রভৃতি।
পশ্চিম ককেশীয় শাখায় শব্দরূপ ও ধাতুরূপের ব্যবহার কম এবং এই শাখার শব্দভাণ্ডার বিশেষ উন্নত নয়। পশ্চিম ককেশীয়ের প্রধান প্রধান প্রশাখা: আভাজ, উব্যিখ্ এবং আদ্যিঘে ও তৎসংশ্লিষ্ট ভাষাগুচ্ছ।
দক্ষিণ ককেশীয়ের ধ্বনিসমবায় জটিল নহে; ব্যাকরণ উন্নত। এই শ্রেণীর প্রশাখা: জর্জীয় এবং লাজ়। জর্জীয় ভাষায় খ্রীষ্টীয় পঞ্চম শতক হইতে সাহিত্যিক নিদর্শন মিলিতেছে।
সুভদ্রকুমার সেন