ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/কঙ্কাবতী দেবী
(পৃ. ১৩৮-১৩৯)
কঙ্কাবতী দেবী (১৯০৩-৩৯ খ্রী) সুকণ্ঠ গায়িকা এবং প্রতিভাসম্পন্ন অভিনেত্রী কঙ্কাবতীর জন্ম হয় মজঃফরপুরে। পিতা গজাধরপ্রসাদ সাহু নিজে সংগীতরসিক ছিলেন। বাড়ির পরিবেশের প্রভাবে বাল্যকাল হইতে সংগীতের প্রতি কঙ্কাবতীর আকর্ষণ দেখা দেয়। বেথুন কলেজে বি. এ. পড়িবার সময়ে রবীন্দ্রনাথের সংস্পর্শে আসেন এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তাঁহার সহিত ‘গৃহপ্রবেশ’ নাটকে মাসি-র ভূমিকায় অভিনয় করিয়া খ্যাতি অর্জন করেন। এম. এ. পড়িবার সময়ে অসুস্থতার জন্য পড়াশুনায় ছেদ পড়ে এবং রঙ্গমঞ্চে যোগদানের সিদ্ধান্ত করেন। শিশিরকুমার ভাদুড়ীর সহিত ‘দিগ্বিজয়ী’ নাটকে ভারত-নারী-র ভূমিকায় অভিনয় হইতে পেশাদারি অভিনেত্রী জীবনের সূচনা। ক্রমে ‘সীতা’, ‘যোগাযোগ’, ‘পল্লীসমাজ’, ‘টকী অফ টকীজ’, ‘চন্দ্রগুপ্ত’ প্রভৃতি নাটকে শিশিরকুমারের সহ-অভিনেত্রীরূপে অভিনয়জগতে অপ্রতিহত খ্যাতি অর্জন করেন। ১৯৩০ খ্রীষ্টাব্দে শিশিরকুমারের দলের সহিত আমেরিকা যান। শিশিরকুমার-পরিচালিত কয়েকটি চলচ্চিত্রেও তিনি সাফল্যের সহিত অভিনয় করেন। এইভাবে রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র, উভয় ধারার অভিনয়ের ইতিহাসে তাঁহার নাম স্মরণীয় হইয়া আছে। ‘চাণক্য’ চলচ্চিত্রটির কাজ সমাপ্ত হইবার পূর্বেই ১৯৩৯ খ্রীষ্টাব্দে ২১ জুন কঙ্কাবতীর মৃত্যু হয়।
চন্দ্রাবতী দেবী