বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/কৃষ্ণন, কারিয়ামাণিক্যম শ্রীনিবাস

উইকিসংকলন থেকে

কৃষ্ণন, কারিয়ামাণিক্যম শ্রীনিবাস (১৮৯৮-১৯৬১ খ্রী) প্রসিদ্ধ পদার্থবিজ্ঞানী। দক্ষিণ ভারতের ওয়াট্‌র‍্যাপে ১৮৯৮ খ্রীষ্টাব্দের ৪ ডিসেম্বর জন্ম। মাদুরাইয়ের আমেরিকান কলেজ, মাদ্রাজের ক্রিস্টিয়ান কলেজ এবং শেষে কলিকাতার বিজ্ঞান কলেজে তিনি শিক্ষালাভ করেন। এম. এসসি. ডিগ্রি লাভের পর কলিকাতাস্থিত ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্‌টিভেশন অফ সায়েন্স-এ স্যর সি. ভি. রামনের সহকারী গবেষক হিসাবে ১৯২৩ হইতে ১৯২৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত কাজ করেন। এই সময়ে রামনের ‘রামন এফেক্ট’ (‘রামন এফেক্ট’ দ্র) প্রদর্শনের কার্যে মুখ্য সহযোগী হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। ১৯২৮ হইতে ১৯৩৩ খ্রীষ্টাব্দ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার রীডার হিসাবে নিযুক্ত ছিলেন। ১৯৩৩ খ্রীষ্টাব্দে ঢাকা ত্যাগ করিয়া পুনরায় ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্‌টিভেশন অফ সায়েন্সে ‘মহেন্দ্রলাল সরকার অধ্যাপক’ হিসাবে যোগদান করেন। এই পদে থাকাকালে আলোক বিজ্ঞান এবং কেলাসে (ক্রিস্‌ট্যাল) চৌম্বকত্বের প্রভাব সম্বন্ধে তাঁহার গুরুত্বপূর্ণ মৌলিক গবেষণা বিশেষ উল্লেখযোগ্য। তাঁহার এই কার্যের স্বীকৃতি হিসাবে ১৯৪০ খ্রীষ্টাব্দে তিনি রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন। অ্যাসোসিয়েশনে থাকাকালীন তাঁহার অন্যান্য গবেষণাকর্মের মধ্যে উল্লেখযোগ্য কেলাসের আলোকধর্ম (অপটিক্যাল প্রপারটিজ) ও তাহার উপর এক্‌স-রের প্রভাব সম্বন্ধীয় গবেষণা প্রভৃতি। ১৯৪২ খ্রীষ্টাব্দ পর্যন্ত অ্যাসোসিয়েশনে থাকার পর তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের প্রধান হিসাবে যোগদান করেন এবং ১৯৪৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত ঐ পদে অধিষ্ঠিত থাকেন। ঐ বৎসর নূতন দিল্লীতে ন্যাশন্যাল ফিজিক্যাল ল্যাবরেটরি নামক জাতীয় গবেষণাগারের দায়িত্ব গ্রহণ করিয়া সেখানে গবেষণাকার্যে আত্মনিয়োগ করেন। তাঁহার মনীষার স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাঁহাকে বিজ্ঞানের জাতীয় অধ্যাপক হিসাবে নিযুক্ত করিয়া গবেষণাকার্যে সম্পূর্ণ রূপে আত্মনিয়োগ করার সুযোগ দেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি জাতীয় গবেষণাগারে পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বহু গবেষকদের সুষ্ঠুভাবে পরিচালনা করিয়াছিলেন।

 উল্লিখিত পদগুলি বাতীত অন্যান্য যে সকল দায়িত্বপূর্ণ পদে কৃষ্ণন বৃত হইয়াছিলেন তাহার মধ্যে পারমাণবিক শক্তি কমিশনের সদস্য; ভারতীয় মানক সংস্থার চেয়ারম্যান; সহ-সভাপতি, ইণ্টারন্যাশন্যাল ইউনিয়ন অফ পিওর অ্যাণ্ড অ্যাপ্লায়েড ফিজিক্‌স; সভাপতি, ন্যাশন্যাল অ্যাকাডেমি অফ সায়েন্স অফ ইণ্ডিয়া (১৯৪৫-৬ খ্রী) এবং সাধারণ সভাপতি, ভারতীয় বিজ্ঞান কংগ্রেস (১৯৪৯ খ্রী) উল্লেখযোগ্য। ১৯৬১ খ্রীষ্টাব্দের ১৪ জুন নূতন দিল্লীতে তিনি পরলোকগমন করেন।

সমীরকুমার ঘোষ