ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/কৃষ্ণবিহারী সেন
(পৃ. ৪০৪)
কৃষ্ণবিহারী সেন (১৮৪৭-৯৫ খ্রী) ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের অনুজ কৃষ্ণবিহারী চারিত্রিক মহত্ত্ব, সুগভীর পাণ্ডিত্য ও সাহিত্যনিষ্ঠার জন্য সর্বসাধারণের শ্রদ্ধাভাজন ছিলেন। প্রথম জীবনে তিনি উমেশচন্দ্র মিত্র রচিত ‘বিধবাবিবাহ’ নাটকের পাঠশালা-দৃশ্যে পড়ুয়ার ভূমিকায় অভিনয় করিয়া খ্যাতি অর্জন করেন (১৮৬০ খ্রী)। এই অভিনয় নৈপুণ্যের জন্য তিনি গুণেন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথের উদ্যোগে প্রতিষ্ঠিত নাট্যসমিতির সদস্যপদ ও অভিনয় শিক্ষকের মর্যাদা লাভ করেন এবং জ্যোতিরিন্দ্রনাথের পরম সুহৃদ ও সহকর্মী হন। জ্যোতিরিন্দ্রনাথের উৎসাহে ও রাজেন্দ্রলাল মিত্রের সভাপতিত্বে ঠাকুরবাড়িতে যে ‘সারস্বত সমাজ’ প্রতিষ্ঠিত হয় (১৮৮২ খ্রী), তিনি ও রবীন্দ্রনাথ ছিলেন তাহার যুগ্ম-সম্পাদক। রবীন্দ্রনাথের উদ্যোগে সুধীন্দ্রনাথের সম্পাদকতায় প্রকাশিত ‘সাধনা’ (১২৯৮ বঙ্গাব্দ) পত্রিকার অন্যতম বিশিষ্ট লেখক ছিলেন কৃষ্ণবিহারী। এই পত্রিকায় প্রথম বর্ষ হইতেই তাঁহার ‘বুদ্ধচরিত’ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় (ভাদ্র-আশ্বিন ১২৯৯ হইতে জ্যৈষ্ঠ ১৩০০ বঙ্গাব্দ)। তাঁহার ইতিহাস নিষ্ঠার শ্রেষ্ঠ ফল ‘অশোকচরিত’ (১৮৯২ খ্রী)। আর ‘কবিতামালা’ বইটি (১৮৯৫ খ্রী) তাঁহার কাব্যানুরাগের নিদর্শন।
দ্র বসন্তকুমার চট্টোপাধ্যায়, জ্যোতিরিন্দ্রনাথের জীবন-স্মৃতি, কলিকাতা, ১৩২৬ বঙ্গাব্দ; প্রবোধচন্দ্র সেন, ভারতপথিক রবীন্দ্রনাথ, কলিকাতা, ১৩৬৯ বঙ্গাব্দ।