ভারতকোষ (প্রথম খণ্ড)/অক্ষক্রীড়া
(পৃ. ২)
অক্ষক্রীড়া পাশাখেলা। দূতক্রীড়া বা জুয়া খেলাও এই নামে পরিচিত ছিল। মনে হয়, কেহ কেহ ইহা দ্বারা দাবা খেলাও বুঝিয়াছেন। কোজাগর পূর্ণিমার রাত্রিতে অক্ষদ্বারা জাগরণের যে বিধান আছে তাহার ব্যাখ্যা প্রসঙ্গে রঘুনন্দন তাঁহার তীর্থতত্ত্বে চতুরঙ্গ বা দাবাখেলার বিবরণ উদ্ধৃত করিয়াছেন। কোজাগর পূর্ণিমায় অক্ষক্রীড়ার ব্যবস্থা থাকিলেও সাধারণতঃ ইহা নিন্দনীয় ছিল। মনুসংহিতায় (৭৪৭) ইহা দশ কামজ ব্যসনের অন্যতম। অক্ষক্রীড়ার ফলে পাণ্ডবদের দুরবস্থার কথা মহাভারতে বর্ণিত হইয়াছে। তথাপি অতি প্রাচীন কাল হইতে ভারতবর্ষে অক্ষক্রীড়া ব্যাপকভাবে প্রচলিত ছিল। তবে দাবাখেলা সম্পর্কে যেমন নানা পুস্তকের সন্ধান পাওয়া যায় পাশাখেলা সম্পর্কে তেমন নয়। প্রাচীন ক্রীড়ার সহিত আধুনিক ক্রীড়ার পার্থক্য আছে।
ভ্র বঙ্গীয় মহাকোষ; Indian Historical Quarterly, vol. XIV.
চিন্তাহরণ চক্রবর্তী