বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (প্রথম খণ্ড)/অক্‌সস্‌

উইকিসংকলন থেকে
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. -)

অক্‌সস্‌ অন্য নাম আমূ-দরিয়া। রুশীয় তুর্কীস্থান তথা মধ্য এশিয়ার প্রধান নদী। উৎপত্তিস্থল পামীর মালভূমি হইতে মোহানা আরল সাগর পর্যন্ত ইহার দৈর্ঘ্য প্রায় ২৪০০ কিলোমিটার। অক্‌সস্ ও হিন্দুকুশের মধ্যে প্রাচীন বহ্লীক বা ব্যাক্‌ট্রিয়া রাজ্য অবস্থিত ছিল। পরবর্তী কালে অক্‌সস্ উপত্যকায় ইউচিগণ বসতি স্থাপন করে। সম্রাট শাহ্‌জাহানের সময় অক্‌সস্ অঞ্চলের দুইটি প্রদেশ মোগলগণ কর্তৃক বিজিত হয়। রুশ-আফগান। বিরোধের সমাধানকল্পে সীমানানির্ধারণ কমিশন ১৮৮৬ খ্রী অক্‌সস্ নদীকে উক্ত দুইটি দেশের সীমানা হিসাবে নির্দিষ্ট করেন। ১৮৯৫ খ্রী পরিবর্তিত আকারে এই সীমানা চূড়ান্তভাবে গৃহীত হয়।

নীলমণি মুখোপাধ্যায়