বিষয়বস্তুতে চলুন

ভারতীয় বিদুষী

উইকিসংকলন থেকে

ভারতীয় বিদুষী অন্য সংস্করণ দেখুন
​

ভারতীয় বিদুষী

শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায়

মূল্য দশ আনা

​

প্রকাশক
শ্রীমনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়
হিতবাদী লাইব্রেরী
৭০, কলুটোলা ষ্ট্রীট, কলিকাল


কান্তিক প্রেস
২০, কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাতা
শ্রীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত।

​

ভূমিকা

 “ভারতীয় বিদুষী” প্রকাশিত হইতে চলিল। আমাদের শিক্ষিত সমাজের অনেকেই কোনো না কোনো ভারতীয় বিদুষী সম্বন্ধে কিছু না কিছু জানেন। সেই সমস্ত ভারতীয় বিদুষীর আখ্যায়িকা একত্র গুছাইয়া প্রকাশ করা হইল। আমাদের প্রাচীন ভারতে ইতিহাস রচনার পদ্ধতি ছিল না; কোনো কাহিনীর মধ্যে প্রসঙ্গক্রমে যে-সকল অসাধারণ ব্যক্তির উল্লেখ পাওয়া যায় সেই তুচ্ছ উপাদানই প্রাচীন ইতিহাস উদ্ধারের প্রধান উপজীব্য। ভারতীয় বিদুষীর পরিচয় কত কাব্য পুরাণ ও ইতিকথার মধ্যে বিক্ষিপ্ত ​হইয়া আছে; তাহার সকলগুলিই যে এই পুস্তকে সংগৃহীত হইয়াছে এমন কেহ মনে করিবেন না। এই বিক্ষিপ্ত অপ্রচুর উপাদান হইতে আহরণ করিয়া কতিপয় ভারতীয় বিদুষীর পরিচয় একত্র করা গেল। কিন্তু এই সঞ্চয়ের মধ্যে অতি প্রাচীন বৈদিক যুগ হইতে প্রাচীন ভারতের শেষ যুগ পর্য্যন্ত দীর্ঘকালের মধ্যে প্রাদুর্ভূত বিদুষীগণের একটি সুশৃঙ্খল বর্ণনা দিবার চেষ্টা হইয়াছে।

 এই স্বল্পসংখ্যক বিদুষীর বর্ণনা পাঠ করিলেই প্রত্যেক সহৃদয় ব্যক্তি বুঝিতে পারিবেন ভারতীয় নারীসমাজ চিরদিন এমনই উপেক্ষিত, অবরোধের মধ্যে বহির্জগৎ হইতে বিচ্ছিন্ন ও অজ্ঞ হইয়া ছিলেন না। তাঁহারাও বিদ্যায়, জ্ঞানে, কর্ম্মে পুরুষের সমকক্ষতা করিতেন এবং তাঁহাদের সেই প্রচেষ্টা ধৃষ্টতা বলিয়া ধিক্কৃত হইত না। যতদিন ভারতবর্ষ জ্ঞানগরিষ্ঠ বলিয়া পূজিত ততদিন পর্য্যন্ত দেখা যায় ​ভারতীয় নারীসমাজও সেই অর্ঘ্যের অংশ লইয়াছেন। এবং যখনই নারীসমাজ অবরুদ্ধ উপেক্ষিত ও শিক্ষাহীন তখনই ভারতও হীন হইয়া শুধু প্রাচীন কালের দোহাই দিয়া কোনোমতে টিঁকিয়া থাকিবার চেষ্টা করিতেছে।

 ভারতীয় বিদুষীর বিষয় আলোচনা করিলে আমরা জানিতে পারি রমণীর অতীত কি উজ্জ্বল, কেমন সুপ্রতিষ্ঠ। যাহার অতীত উজ্জ্বল ছিল তাহার ভবিষ্যৎও অন্ধকার নয়। ভারতের সকল নরনারী এই সত্য একদিন গূঢ়ভাবে হৃদয়ঙ্গম করিবেন। এইরূপ নানা উপলক্ষ ধরিয়া আমাদের সমস্ত অবনত সমাজ আত্মশক্তিতে বিশ্বাসবান হইয়া উন্নত হইয়া উঠিবেই—“এ নহে কাহিনী, এ নহে স্বপন আসিবে সেদিন আসিবে।”

শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায়

১৫ই আষাঢ়, ১৩১৬

​

সূচী

৪
৬
... ... 
৭
... ... 
১০
... ... 
১১
... ... 
১৪
১৬
... ... 
১৮
১৯
২৫
২৮
৩১
৩৫
৪৫
... ... 
৪৮
৫৩
৫৬
​
... ... 
৫৬
৬৪
৭৯
৮৪
৮৫
৮৭
৯২
... ... 
৯৩
৯৪
... ... 
৯৬
৯৯
১১২
১১৯
... ... 
১২৪
১৩২
১৪১
১৪৩

​

ভারতীয় বিদুষী

সম্বন্ধে কয়েকটি অভিমত

 প্রবাসী। * এইরূপ গ্রন্থ পাঠ করিলে আমাদের গৃহলক্ষ্মীগণ আত্মশক্তি উপলব্ধি করিতে পারিবেন। ইহার ভাষা সরল ও বিশুদ্ধ, স্থানে স্থানে বেশ কবিত্বময়; বহু বিদুষীর আখ্যায়িকা বেশ রোমান্স ধরণের, গল্পের মত সুখপাঠ্য। বাংলায় নারীপাঠ্য স্বল্প পুস্তকের মধ্যে ইহা শ্রেষ্ঠ আসন অধিকার করিবে। কন্যা, ভগিনী, পত্নী, সখী প্রভৃতিকে উপহার দিবার যোগ্য—যোগ্য কেন, সকলের উপহার দেওয়া উচিত।

 মাননীয় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কে, টি। এই পুস্তকে ভারতীয় বিদুষীদিগের পবিত্র ও উজ্জ্বল চরিত্রের অতি সুন্দর চিত্রাবলী বিশুদ্ধভাবে অঙ্কিত হইয়াছে। এরূপ গ্রন্থ বাঙ্গালী মাত্রেরই আদরনীয়।

 শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ভারতীয় বিদুষী পড়িতে আরম্ভ করিয়া শেষ না করিয়া থাকিতে পারিলাম না। অনেক নূতন বিদুষীর বিররণ জানা গেল। * আমার বিশ্বাস এই গ্রন্থ স্ত্রী-শিক্ষার কাজ এগিয়ে দেবে;—আমাদের দেশে স্ত্রী-শিক্ষা যে নূতন জিনিস নয়, এই গ্রন্থখানি পাঠ করলে অনে​কের চৈতন্য হ’বে। যে সকল বিদুষীর বিবরণ আছে তাঁদের সকলেরই শিক্ষায় কেমন একটি সরল দেশীয় ভাব ফুটে উঠেছে।

 শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর। * বইখানি হস্তগত হইলে কেবল একবার চোখ বুলাইয়া লইব বলিয়া পাতা উল্‌টাইতে সুরু করিলাম। হঠাৎ মীরাবাইয়ের জীবনীতে আটকা পড়িয়া গেলাম—এবং তাহার পর শেষ পাতা পর্য্যন্ত একটি ছত্রও বাদ দিতে পারি নাই। আদ্যোপান্ত বই পড়িবার একটা বয়স আছে—যখন মনের ক্ষুধা ও পরিপাক শক্তি অক্ষুণ্ণ আছে, যখন নূতন কিছু হাতে পাইলেই সেটাকে পরীক্ষা করিয়া দেখিতে ইচ্ছা করে এবং যখন হাতে সময়ের অভাব নাই তখন প্রায় সব বই সমস্তটাই পড়া যায়। আমাদের বয়সে ঠিক তাহার বিপরীত। ইহা হইতেই বুঝিয়া লইবে যে তোমার বই আমার ভালই লাগিয়াছে।

 Bengalee—* We are strongly of opinion that for purpose of presentation to our daughters and sisters no better book could be written. It is as instructive as it is entertaining.


​

ভারতীয় বিদুষী


 ভারতের রমণীগণ যে শুধুই সতীত্বে, পাতিব্রত্যে ও দাম্পত্যে অতুলনীয়া ও চিরস্মরণীয়া তাহা নহে, বিদ্যাবত্তাতেও তাঁহারা অমর কীর্ত্তি লাভ করিয়া গিয়াছেন। বৈদিক কাল হইতে আরম্ভ করিয়া সকল যুগেই ইহার পরিচয় পাওয়া যায়। এখন আমরা শুনিতে পাই যে বেদপাঠ বা বেদশ্রবণে রমণীগণের অধিকার নাই কিন্তু এই রমণীগণই এককালে বেদের অনেক মন্ত্র রচনা করিয়া গিয়াছেন। তখন শুধু বেদপাঠ করা কেন তাঁহাদের বেদ রচনা করিবারও অধিকার ছিল; সে সময়ে রমণীর স্বাধীনতা পুরুষের সমক্ষে হীন বা খর্ব্ব হইয়া পড়ে নাই।

 সভ্যতার আদিম যুগে শান্তিশ্রীসম্পন্ন পর্ণকুটিরপ্রাঙ্গণে অথবা হিংস্র পশুসমাকুল ​অরণ্যমধ্যে বৃক্ষতলে শুদ্ধাত্মা মহর্ষিগণ হোমানল প্রজ্বালিত করিয়া ঘৃতাহুতির সঙ্গে সঙ্গে জলদগম্ভীর স্বরে যে মন্ত্র উচ্চারণ করিতেন সে মন্ত্রের সৃষ্টিকর্ত্তা শুধু যে ঋষিগণ ছিলেন তাহা নহে, তাঁহাদের কন্যা জায়া ভগ্নীরাও তাঁহাদের পার্শ্বে বসিয়া তাঁহাদের সঙ্গে সঙ্গে মন্ত্রের পর মন্ত্র রচনা করিতেন। পুরুষেরা সেকালে যেমন উচ্চ জ্ঞান ও বিদ্যাবুদ্ধি লইয়া জগতের মঙ্গলের জন্য জ্ঞানবাক্যের সৃষ্টি করিতেন রমণীরাও তেমনি জ্ঞান ও বিদ্যাবুদ্ধি লইয়া দৈনন্দিন সাংসারিক কাজের সহিত, স্বামী পুত্রের সেবার সহিত, অশনবসনের পরিচর্য্যার সহিত হিতবাক্য প্রণয়ন করিতেন। তাঁহারা স্বামী পুত্রের জন্য যেমন শয্যা রচনা করিতেন, তেমনি আবার বেদের মন্ত্র রচনাও করিতেন।

 প্রাচীন ভারতে ইতিহাস বা জীবনচরিত রচনার পদ্ধতি ছিল না। সুতরাং সে সময়ের রমণীসমাজের প্রকৃত অবস্থা আমাদের ​জানিবার একমাত্র উপায় প্রাচীন গ্রন্থসকলে এই বিষয়ের প্রাসঙ্গিক উল্লেখ মাত্র। এই সামান্য সূত্র অবলম্বন করিয়া ও আমাদের সামান্য চেষ্টায় কতগুলি বিদুষীর পরিচয় এস্থলে উদ্ধৃত হইল, না জানি কতশত বিদুষী প্রাচীন ভারতসমাজকে সমলঙ্কৃত করিয়া বিদ্যমান ছিলেন এবং হয়ত অনেকের বিবরণ থাকা সত্ত্বেও এখনো তাহা আমাদের নয়নগোচর হয় নাই।

 যে সকল বিদুষী তাৎকালিক সমাজে আপনাদের বিশেষত্বহেতু অত্যধিক প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন কেবল তাঁহাদেরই উল্লেখ আমাদের দেশের প্রসঙ্গক্রমে হওয়া সম্ভব। অসম্পূর্ণ ইতিহাসে যদি এতগুলি অসাধারণ বিদুষীর উল্লেখ পাওয়া যায় তবে তাহা প্রাচীন ভারতীয় রমণীর সার্ব্বজনীন বিদ্যাধিকারই প্রতিপন্ন করিতেছে।

এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯৩১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।


লেখক ১৯২৯ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৮০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।