বিষয়বস্তুতে চলুন

ভারতের সংবিধান (১৯৮৭)/ভাগ ৮

উইকিসংকলন থেকে
বিধি ও ন্যায় মন্ত্রক অনূদিত
(পৃ. ১১০-১১৩)

ভাগ ৮

[][সংঘশাসিত রাজ্যক্ষেত্রসমূহ]

 সংঘশাসিত রাজ্যক্ষেত্রসমূহের প্রশাসন।[][২৩৯। (১) সংসদ কর্তৃক বিধি দ্বারা অন্যথা যেরূপ বিহিত হইয়াছে তদ্ব্যতিরেকে, প্রত্যেক সংঘশাসিত রাজ্যক্ষেত্র রাষ্ট্রপতি কর্তৃক, তিনি যতদূর উপযুক্ত মনে করেন ততদূর পর্যন্ত, এরূপ কোন প্রশাসকের মাধ্যমে পরিচালিত হইবে, যিনি রাষ্ট্রপতি যে পদনাম বিনির্দিষ্ট করিতে পারেন সেই পদনামে তৎকর্তৃক নিযুক্ত হইবেন।

 (২) ভাগ ৬-এ যাহা কিছু, আছে তৎসত্ত্বেও, রাষ্ট্রপতি কোন রাজ্যের রাজ্যপালকে কোন সন্নিহিত সংঘশাসিত রাজ্যক্ষেত্রের প্রশাসকরূপে নিযুক্ত করিতে পারেন, এবং যেস্থলে কোন রাজ্যপাল ঐরূপে নিযুক্ত হন, সেস্থলে তিনি তাঁহার মন্ত্রিপরিষদ হইতে স্বতন্ত্রভাবে ঐরূপ প্রশাসকরূপে স্বীয় কৃত্যসমূহ সম্পাদন করিবেন।

 কোন কোন সংঘশাসিত রাজ্যক্ষেত্রের জন্য স্থানীয় বিধানমণ্ডলের বা মন্ত্রিপরিষদের বা এতদুভয়ের সৃজন![][২৩৯ক। (১)[]***[]***[][গোয়া, দামন ও দিউ, [][পণ্ডিচেরী, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ,]] এই সকল সংঘশাসিত রাজ্যক্ষেত্রের যেকোনটির জন্য সংসদ বিধি দ্বারা, ঐ বিধিতে যেরূপ বিনির্দিষ্ট হইতে পারে প্রতিক্ষেত্রে সেরূপ গঠন, ক্ষমতাসমূহ ও কৃত্যসমূহে সহ—

(ক) ঐ সংঘশাসিত রাজ্যক্ষেত্রের জন্য বিধানমণ্ডলরূপে কৃত্য করণার্থ, নির্বাচিতই হউক অথবা অংশতঃ মনোনীত ও অংশতঃ নির্বাচিতই হউক, একটি সংস্থা, বা
(খ) একটি মন্ত্রিপরিষদ,

অথবা এতদুভয় সৃজন করিতে পারেন।

 (২) (১) প্রকরণে উল্লিখিত হইয়াছে এরূপ কোন বিধি ৩৬৮ অনুচ্ছেদের প্রয়োজনার্থে এই সংবিধানের সংশোধন বলিয়া গণ্য হইবে না, যদিও ইহাতে এরূপ কোন বিধান থাকে যাহা এই সংবিধান সংশোধন করে বা যাহার ফলে এই সংবিধানের সংশোধন হয়।]

 বিধানমণ্ডলের অবকাশকালে প্রশাসকের অধ্যাদেশসমূহ প্রখ্যাপন করিবার ক্ষমতা।[]২৩৯খ। (১) ২৩৯ক অনুচ্ছেদের (১) প্রকরণে উল্লিখিত কোন সংঘশাসিত রাজ্যের বিধানমণ্ডল সত্রাসীন থাকাকালে ভিন্ন অন্য কোন সময়ে ঐ সংঘশাসিত রাজ্যের প্রশাসকের যদি প্রতীতি হয় যে এরূপ অবস্থাসমূহ বিদ্যমান যে তাঁহার পক্ষে আশু ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন, তাহা হইলে, তিনি সেরূপ অধ্যাদেশসমূহ প্রখ্যাপন করিতে পারেন যেরূপ ঐ অবস্থাসমূহে আবশ্যক বলিয়া তাঁহার নিকট প্রতীয়মান হয়:

 তবে, রাষ্ট্রপতির নিকট হইতে তৎপক্ষে অনুদেশ প্রাপ্ত হইবার পরে ব্যতীত ঐ প্রশাসক কর্তৃক ঐরূপ কোন অধ্যাদেশ প্রখ্যাপিত হইবে না:

 পরন্তু, যখনই ঐ বিধানমণ্ডল ভলা হয় অথবা ২৩৯ক অনুচ্ছেদের (১) প্রকরণে যেরূপ বিধি উল্লিখিত হইয়াছে সেরূপ কোন বিধি অনুযায়ী অবলম্বিত কোন ব্যবস্থার জন্য উহার কৃত্যকরণ নিলম্বিত থাকে, তখন ঐরূপ ভঙ্গ বা নিলম্বন চলাকালে ঐ প্রশাসক কোন অধ্যাদেশ প্রখ্যাপন করিবেন না।

 (২) রাষ্ট্রপতির অনুদেশ অনুসারে এই অনুচ্ছেদ অনুযায়ী প্রখ্যাপিত কোন অধ্যাদেশ ঐ সংঘশাসিত রাজ্যক্ষেত্রের বিধানমণ্ডলের এরূপ একটি আইন বলিয়া গণ্য হইবে যাহা ২৩৯ক অনুচ্ছেদের (১) প্রকরণে যেরূপ বিধি উল্লিখিত হইয়াছে, তৎপক্ষে সেরূপ কোন বিধির অন্তর্ভুক্ত বিধানাবলী পালনপূর্বক বিধিবদ্ধ হইয়াছে, কিন্তু ঐরূপ প্রত্যেক অধ্যাদেশ—

(ক) ঐ সংঘশাসিত রাজ্যক্ষেত্রের বিধানমণ্ডলের সমক্ষে স্থাপিত হইবে এবং ঐ বিধানমণ্ডলের পুনঃসমাবেশ হইতে ছয় সপ্তাহ অবসান হইলে অথবা, যদি ঐ সময়সীমা অবসান হইবার পূর্বে উহা অননুমোদন করিয়া ঐ বিধানমণ্ডল কর্তৃক কোন সংকল্প গৃহীত হয়, তাহা হইলে, সংকল্পটি গৃহীত হইলে উহা আর সক্রিয় থাকিবে না; এবং
(খ) যেকোন সময়ে, তৎপক্ষে রাষ্ট্রপতির অনুদেশ প্রাপ্তির পরে, প্রশাসক কর্তৃক প্রত্যাহৃত হইতে পারে।

 (৩) যদি এই অনচ্ছেদ অনুযায়ী কোন অধ্যাদেশ এরূপ কোন বিধান করে যাহা ২৩৯ক অনুচ্ছেদের (১) প্রকরণে উল্লিখিত হইয়াছে, তৎপক্ষে এরূপ কোন বিধির অন্তর্ভুক্ত বিধানাবলী পালনপূর্বক ঐ সংঘশাসিত রাজ্যক্ষেত্রের বিধানমণ্ডলের কোন আইনে বিধিবদ্ধ হইলে সিদ্ধ হইত না, তাহা হইলে, উহা যতদূর পর্যন্ত ঐরূপে সিদ্ধ হইত না ততদূর পর্যন্ত বাতিল হইবে।]

 []* * * * *

 রাষ্ট্রপতির কোন কোন সংঘশাসিত রাজ্যক্ষেত্রের জন্য প্রনিয়ম প্রণয়ন করিবার ক্ষমতা। ২৪০। (১) রাষ্ট্রপতি নিম্নলিখিত সংঘশাসিত রাজ্যক্ষেত্রের শান্তি, প্রগতি ও সুশাসনের জন্য প্রনিয়মাবলী প্রণয়ন করিতে পারেন, যথা—

 (ক) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ;

 [১০][(খ) লাক্ষাদ্বীপ;]

 [১১][(গ) দাদরা ও নগর হাভেলী;]

 [১২][(ঘ) গোয়া, দামন ও দিউ;]

 [১৩][(ঙ) পণ্ডিচেরী;]

 [১৪][(চ) মিজোরাম;]

 (ছ) অরুণাচল প্রদেশ;]

 [১৫][তবে, যেস্থলে ২৩৯ক অনুচ্ছেদ অনুযায়ী[১৬][গোয়া, দামন ও দিউ, [১৭][পণ্ডিচেরী, মিজোরাম বা অরুণাচল প্রদেশ], এই সকল সংঘশাসিত রাজ্যক্ষেত্রের কোনটির] জন্য বিধানমণ্ডলরূপে কৃত্য করণার্থ কোন সংস্থা সৃজিত হয়, সেস্থলে রাষ্ট্রপতি ঐ বিধানমণ্ডলের প্রথম অধিবেশনের জন্য নির্দিষ্ট তারিখ হইতে ঐ সংঘশাসিত রাজ্যক্ষেত্রের শান্তি, প্রগতি ও সুশাসনের জন্য কোন প্রনিয়ম প্রণয়ন করিবেন না:]

 [১৮][পরন্তু, যখনই গোয়া, দামন ও দিউ, [১৭][পণ্ডিচেরী, মিজোরাম বা অরুণাচল প্রদেশ], এই সকল সংঘশাসিত রাজ্যক্ষেত্রের কোনটির জন্য যে সংস্থা বিধানমণ্ডলরূপে কৃত্য করিতেছে তাহা ভঙ্গ হয়, অথবা ২৩৯ক অনুচ্ছেদের (১) প্রকরণে যেরূপ বিধি উল্লিখিত হইয়াছে সেরূপ কোন বিধি অনুযায়ী কোন ব্যবস্থা অবলম্বিত হইবার ফলে ঐ সংস্থার ঐরূপ বিধানমণ্ডলরূপে কৃত্যকরণ নিলম্বিত থাকে, তখন রাষ্ট্রপতি, ঐরূপ ভঙ্গ বা নিলম্বন চলাকালে, সেই সংঘশাসিত রাজ্যক্ষেত্রের শান্তি, প্রগতি ও সুশাসনের জন্য প্রনিয়মাবলী প্রণয়ন করিতে পারেন।]

 (২) ঐরূপে প্রণীত কোন প্রনিয়ম ঐ সংঘশাসিত রাজ্যক্ষেত্রে তৎকালে প্রযোজ্য সংসদ কর্তৃক প্রণীত কোন আইনকে বা[১৯][অন্য কোন বিধিকে] নিরসন বা সংশোধন করিতে পারে, এবং রাষ্ট্রপতি কর্তৃক প্রখ্যাপিত হইলে উহার, সংসদের যে আইন ঐ সংঘশাসিত রাজ্যক্ষেত্রে প্রদত্ত, তদনুরূপ বল ও কার্যকারিতা থাকিবে।]

 সংঘশাসিত রাজ্যক্ষেত্রের জন্য হাইকোর্ট। ২৪১। (১) সংসদ বিধি দ্বারা কোন[২০][সংঘশাসিত রাজ্যক্ষেত্রের] জন্য একটি হাইকোর্ট গঠন করিতে, অথবা ঐরূপ[২১][যেকোন রাজ্যক্ষেত্রে] অবস্থিত যেকোন আদালতকে এই সংবিধানের সকল বা যেকোন প্রয়োজনার্থে হাইকোর্ট বলিয়া ঘোষণা করিতে পারেন।

 (২) সংসদ বিধি দ্বারা যেরূপ সংপরিবর্তন বা ব্যতিক্রমসমূহ বিহিত করিতে পারেন তদধীনে, ভাগ ৬-এর অধ্যায় ৫-এর বিধানাবলী ২১৪ অনুচ্ছেদে উল্লিখিত হাইকোর্ট সম্বন্ধে যেরূপ প্রযুক্ত হয় (১) প্রকরণে উল্লিখিত প্রত্যেক হাইকোর্ট সম্বন্ধে সেরূপ প্রযুক্ত হইবে।

 [২২][(৩) এই সংবিধানের বিধানাবলীর অধীনে এবং এই সংবিধান দ্বারা বা অনুযায়ী কোন যথাযোগ্য বিধানমণ্ডলকে অর্পিত ক্ষমতাবলে ঐ বিধানমণ্ডল কর্তৃক প্রণীত কোন বিধির বিধানাবলীর অধীনে, যে হাইকোর্ট সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৫৬-র প্রারম্ভের অব্যবহিত পূর্বে কোন সংঘশাসিত রাজ্যক্ষের সম্বন্ধে ক্ষেত্রাধিকার প্রয়োগ করিতেন সেরূপ প্রত্যেক হাইকোর্ট ঐ রাজ্যক্ষেত্র সম্বন্ধে ঐরূপ প্রারম্ভের পরে ঐরূপ ক্ষেত্রাধিকার প্রয়োগ করিতে থাকিবেন।

 (৪) কোন রাজ্যের হাইকোর্টের ক্ষেত্রাধিকার কোন সংঘশাসিত রাজ্যক্ষেত্রে বা উহার কোন ভাগে প্রসারিত করিবার, অথবা ঐরূপ কোন রাজ্যক্ষেত্র হইতে বা উহার কোন ভাগ হইতে বাদ দিবার, যে ক্ষমতা সংসদের আছে, এই অনুচ্ছেদের কোন কিছুই তাহার অপকর্ষ সাধন করিবে না।]

 ২৪২। [কুর্গ] সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৫৬, ২৯ ধারা ও তফসিল দ্বারা নিরসিত।

  1. সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৫৬, ১৭ ধারা দ্বারা, প্রথম তফসিলের ভাগ গ-এর অন্তর্ভুক্ত রাজ্যসমূহ”—এই শিরোনামের স্থলে প্রতিস্থাপিত।
  2. ঐ, ১৭ ধারা দ্বারা, ২৩৯ ও ২৪০ অনুচ্ছেদের স্থলে প্রতিস্থাপিত।
  3. সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন, ১৯৬২, ৪ ধারা দ্বারা সন্নিবেশিত।
  4. হিমাচল প্রদেশ রাজ্য আইন, ১৯৭০ (১৯৭০-এর ৫৩), ৪৬ ধারা দ্বারা, “হিমাচল প্রদেশ,”—এই শব্দসমূহ (২০.১.১৯৭১ হইতে) বাদ দেওয়া হইয়াছে।
  5. উত্তর-পূর্ব ক্ষেত্রসমূহ (পুনঃসংগঠন) আইন, ১৯৭১ (১৯৭১-এর ৮১), ৭১ ধারা দ্বারা, “মণিপুর, ত্রিপুরা,”—এই শব্দসমূহ (২১.১.১৯৭২ হইতে) বাদ দেওয়া হইয়াছে
  6. সংবিধান (সপ্তবিংশ সংশোধন) আইন, ১৯৭১, ২ ধারা দ্বারা, “গোয়া, দামন ও দিউ এবং পণ্ডিচেরী”—এর স্থলে (১৫.২.১৯৭২ হইতে) প্রতিস্থাপিত।
  7. সংবিধান (সপ্তত্রিংশ সংশোধন) আইন, ১৯৭৫, ২ ধারা দ্বারা, “পণ্ডিচেরী ও মিজোরাম”—এর স্থলে প্রতিস্থাপিত।
  8. সংবিধান (সপ্তবিংশ সংশোধন) আইন, ১৯৭১ ৩ ধারা দ্বারা (৩০.১২.১৯৭১ হইতে) সন্নিবেশিত।
  9. (৪) প্রকরণটি সংবিধান (অষ্টাত্রিংশ সংশোধন) আইন, ১৯৭৫, ৪ ধারা দ্বারা (অতীতপ্রভাবীরূপে) সন্নিবেশিত হইয়াছিল এবং সংবিধান (চতুশ্চত্বারিংশ সংশোধন) আইন, ১৯৭৮, ৩২ ধারা দ্বারা (২০.৬.১৯৭৯ হইতে) বাদ দেওয়া হইয়াছে।
  10. লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জ (নাম পরিবর্তন) আইন, ১৯৭৩ (১৯৭৩-এর ৩৪), ৪ ধারা দ্বারা, “(খ) লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জ;” —এর স্থলে (১.১১.১৯৭৩ হইতে) প্রতিস্থাপিত।
  11. সংবিধান (দশম সংশোধন) আইন, ১৯৬১, ৩ ধারা দ্বারা সন্নিবেশিত।
  12. সংবিধান (দ্বাদশ সংশোধন) আইন, ১৯৬২, ৩ ধারা দ্বারা সন্নিবেশিত।
  13. সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন, ১৯৬২, ৫ ও ৭ ধারা দ্বারা (১৬.৮.১৯৬২ হইতে) সন্নিবেশিত।
  14. সংবিধান (সপ্তবিংশ সংশোধন) আইন, ১৯৭১, ৪ ধারা দ্বারা (১৫.২.১৯৭২ হইতে) সন্নিবেশিত।
  15. সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন, ১৯৬২, ৫ ধারা দ্বারা সন্নিবেশিত।
  16. সংবিধান (সপ্তবিংশ সংশোধন) আইন, ১৯৭১, ৪ ধারা দ্বারা, “গোয়া, দামন ও দিউ এবং পণ্ডিচেরী”—এর স্থলে (১৫.২.১৯৭২ হইতে) প্রতিস্থাপিত।
  17. ১৭.০ ১৭.১ সংবিধান (সপ্তত্রিংশ সংশোধন) আইন, ১৯৭৫, ৩ ধারা দ্বারা “পণ্ডিচেরী ও মিজোরাম”—এর স্থলে প্রতিস্থাপিত।
  18. ঐ, ৪ ধারা দ্বারা (১৫.২.১৯৭২ হইতে) সন্নিবেশিত।
  19. সংবিধান (সপ্তবিংশ সংশোধন) আইন, ১৯৭১, ৪ ধারা দ্বারা, “কোন বিদ্যমান বিধিকে”—এর স্থলে (১৫.২.১৯৭২ হইতে) প্রতিস্থাপিত।
  20. সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৫৬, ২৯ ধারা ও তফসিল দ্বারা, “প্রথম তফসিলের ভাগ গ-এ বিনির্দিষ্ট রাজ্য”—এর স্থলে প্রতিস্থাপিত।
  21. ২৯ ধারা ও তফসিল দ্বারা, “ঐরূপ রাজ্য”—এর স্থলে প্রতিস্থাপিত।
  22. ঐ, ২৯ ধারা ও তফসিল দ্বারা, (৩) ও (৪) প্রকরণের স্থলে প্রতিস্থাপিত।