মানসাঙ্ক (প্রথম ভাগ, ১৮৭৩)/তৃতীয় প্রশ্নোত্তর
তৃতীয় প্রশ্নোত্তর।
ব্যবকলন।
—, এইটা ব্যবকলনের চিহ্ন, ইহাকে ঋণ বলে। এই চিহ্নের পূর্ব্ববর্ত্তী সংখ্যা হইতে পরবর্ত্তী সংখ্যা বিয়োগ করিতে হয়। বিয়োগের পর যাহা অবশিষ্ট থাকে তাহাকে অন্তর বা বাকী বলে।
দ্বিতীয় পাঠে যেরূপে গোলাগুলি সাজান আছে গণনকে গোলাগুলি সেই রূপে সাজাইয়া এবং প্রত্যেক সারি হইতে একটী গোলা দক্ষিণ পার্শ্বে সরাইয়া এক অবধি দশ পর্য্যন্ত সকল সংখ্যা হইতে ১ বিয়োগ করিলে যাহা অবশিষ্ট থাকে তাহা বুঝাইয়া দেওয়া আবশ্যক। পরে দ্বিতীয় সারি হইতে আরম্ভ করিয়া প্রত্যেক সারি হইতে দুইটী গোলা সরাইয়া যাহা অবশিষ্ট থাকে তাহা বুঝাইয়া দিতে হয়। এই রূপে ৩টী ৪টী ইত্যাদি গোলা সরাইয়া ৩, ৪, ইত্যাদি বিয়োগের উপদেশ দিলে ছাত্রেরা সহজে বুঝিতে পারিবে।
অপর এই বিষয়ঘটিত উপদেশ দান কালে শিক্ষক বালকদিগকে যেরূপে প্রশ্ন করিবেন তাহা পরে লিখিত হইল।
শি। (উপরের তারে হাত দিয়া) এই তারে কয়টী গোলা আছে?
উত্তর। একটী।
শিক্ষক। একটী গোলা হইতে শূন্য লইলে, অর্থাৎ, একটীও না লইলে, কয়টী থাকে?
উ। একটী।
শি। (দ্বিতীয় তারে হাত দিয়া) এই তারে কয়টী গোলা আছে?
উ। দুইটী।
শি। দুইটীর কিছুই না লইলে কয়টী থাকে?
উ। দুইটী থাকে। ইত্যাদি।
শি। (পুনরায় প্রথম তারে হাত দিয়া) এই তারে কয়টী গোলা আছে?
উ। একটী।
শি। গোলার একটী সরাইলে কয়টী থাকে? (শিক্ষক সরাইলে বা লইলে বলিয়াই গোলা সরাইয়া দিবেন।)
উ। কিছুই থাকে না।
শি। (দ্বিতীয় তার ধরিয়া) এই তারে কয়টী গোলা আছে?
উ। দুইটী।
শি। দুইটী গোলার একটী লইলে কয়টী থাকে?
উ। একটী থাকে।
শি। তৃতীয় তারে কয়টী গোলা আছে?
উ। তিনটী।
শি। তিনটী গোলার একটী সরাইলে কয়টী থাকে?
উ। দুইটী। ইত্যাদি।
শি। (পুনরায় দ্বিতীয় তারে হাত দিয়া) এই তারে কয়টী গোলা আছে?
উ। দুইটী।
শি। দুইটী গোলার দুইটী সরাইলে কয়টী থাকে
উ। একটীও থাকে না।
শি। তৃতীয় তারে কয়টী গোলা আছে?
উ। তিনটী।
শি। তিনটী গোলার দুইটী সরাইলে কয়টী থাকে?
উ। একটী।
শি। চতুর্থ তারে কয়টী গোলা আছে?
উ। চারিটী।
শি। চারিটী গোলার দুইটী সরাইলে কয়টী থাকে?
উ। দুইটী। ইত্যাদি।
শি। (পুনরায় তৃতীয় তারে হাত দিয়া) এই তারে কয়টী গোলা আছে?
উ। তিনটী।
শি। তিনটী গোলার তিনটী সরাইলে কয়টী থাকে?
উ। শূন্য থাকে, অর্থাৎ একটীও থাকে না।
শি। (চতুর্থ তারে হাত দিয়া) এই তারে কয়টী গোলা আছে?
উ। চারিটী।
শি। চারিটী গোলার তিনটী সরাইলে কয়টী থাকে?
উ। একটী
শি। (পঞ্চম তারে হাত দিয়া) এই তারে কয়টী গোলা আছে?
উ! পাঁচটী।
শি। পাঁচটী গোলার তিনটী সরাইলে কয়টী থাকে?
উ। দুইটী। ইত্যাদি।