বিষয়বস্তুতে চলুন

মানসাঙ্ক (প্রথম ভাগ, ১৮৭৩)/প্রথম প্রশ্নোত্তর

উইকিসংকলন থেকে

প্রথম প্রশ্নোত্তর।

পূরণবাচক সংখ্যা।

 শিক্ষক গণনকের এক একটী তার স্পর্শ করিয়া বালকগণকে পশ্চাল্লিখিতরূপে প্রশ্ন করিবেন।

 শিক্ষক। (সকলের নীচের তারটী স্পর্শ করিয়া) আমি কয়টী তার স্পর্শ করিলাম?

 বালকেরা উত্তর করিল। একটী।

 শি। (আর একটী তার স্পর্শ করিয়া) আমি কয়টী তার স্পর্শ করিলাম?

 বা। একটী। ইত্যাদি।

 শি। হরি! তুমি একটী তার স্পর্শ কর।

 হরি। গণনকের নিকট আসিয়া একটী তার স্পর্শ করিলেন।

 শি। রাম! তুমি একটী তার স্পর্শ কর।

 রাম গণনকের নিকট আসিয়া একটী তার স্পর্শ করিলেন। ইত্যাদি।

 শি। বালকগণ! আমি তোমাদিগকে একটী তার স্পর্শ করিতে বলিলে তোমরা যে কোন একটী তার স্পর্শ করিতে পার, যথা, (এক একটী তারে হাত দিয়া) ইটী, বা ইটী, বা ইটী, বা ইটী; অর্থাৎ যেটী স্পর্শ করিতে ইচ্ছা হয় তোমরা সেইটীই স্পর্শ করিতে পার। কিন্তু যদি আমি সকলের নীচের তারটী স্পর্শ করিতে বলি তবে তোমরা কোনটী স্পর্শ করিবে? হরি! তুমি এখানে আসিয়া সেইটী স্পর্শ কর।

 হরি গণনকের নিকট আসিয়া সর্ব্ব নিম্নস্থ তারটী স্পর্শ করিলেন।

 শি। রাম! তুমি সকলের নীচের তারের উপরে যে তারটী আছে তাহা স্পর্শ কর।

 রাম সেই তারটী স্পর্শ করিলেন। ইত্যাদি।

 শি। আমি যে তারটীকে সকলের, নীচের তার বলিতেছি তাহাকে প্রথম তার, তাহার উপরের তারকে দ্বিতীয় তাঁর, তাহার উপরের তারকে তৃতীয় তার, এই রূপে চতুর্থ তার, পঞ্চম তার, ষষ্ঠ তার, সপ্তম তার, অষ্টম তার, নবম তার, ও দশম তার বলিব।

এইরূপে প্রথম হইতে দশম তার পর্য্যন্তের নাম উল্লেখ করিয়া শিক্ষক প্রথম তার হইতে পর্য্যায়ক্রমে এক একটী তার স্পর্শ করিয়া তাহার নাম বলিবেন, ছাত্রেরা সেই নাম উচ্চারণ করিবে। পুনঃ পুনঃ এই রূপ করিলে ছাত্রদিগের প্রথম অবধি দশম পর্য্যন্ত পদগুলি কথঞ্চিৎ অভ্যাস হইবে। ছাত্রদিগের তদর্থ বোধ হইয়াছে কি না জানিবার জন্য, শিক্ষক অগ্রে যে যে তারের নামোচ্চারণ করিবেন, এক একটী ছাত্র সেই সেই তার স্পর্শ করিবে; পরে শিক্ষক স্বয়ং এক একটী তার স্পর্শ করিবেন, ছাত্রেরা তাহার নাম করিবে। তৎপরে শিক্ষক একটী তারের নাম বলিবেন ও ছাত্রদিগকে তাহার উপরিস্থ ও নিম্নস্থ তারের নাম বলিতে বলিবেন, ছাত্রেরা যথাযথ নাম উচ্চারণ করিয়া উত্তর দিবে। এই সকল উপায় দ্বারা বালকেরা পর্য্যায়ক্রমে প্রথম অবধি দশম পর্য্যন্ত শিখিলে বিপর্য্যায় ক্রমে দশম হইতে প্রথম পর্য্যন্ত পাঠ করিতেও শিক্ষা করিবে। শিক্ষক পরে গণনককে ছাত্রদিগকে দৃষ্টির অগোচর স্থানে রাখিয়া পূর্ব্বমত প্রশ্ন করিবেন, ছাত্রেরা পূর্ব্ব পূর্ব্ব বিষয় স্মরণ করিয়া উত্তর দান করিবে। এক্ষণে ভিন্ন ভিন্ন প্রকার পদার্থ লইয়া সেই সকলের প্রতি প্রথমাদি পদ যে রূপে প্রযুক্ত হয় তাহা বুঝাইয়া দিতে হইবে। যথা, ১০টী বালককে এক সারিতে রাখিয়া কোন্‌টী প্রথম বালক কোন্‌টী দ্বিতীয় বালক, ইত্যাদি; বা বিদ্যালয়ের কোন্‌টী প্রথম শ্রেণী, কোন্‌টী দ্বিতীয় শ্রেণী, ইত্যাদি; বা বিদ্যালয়ে পাঠকালের কোন্‌টী প্রথম ঘণ্টা, কোন্‌টী দ্বিতীয় ঘণ্টা, ইত্যাদি, বুঝাইয়া দিতে হইবে। এক্ষণে প্রথম তার, প্রথম বালক ইত্যাদি না বলিয়া, গণনাকালে অগ্রে যেটী গ্রহণ করা যায় সেইটীকেই প্রথম বলা যায়, তৎপরে যেটী লইলে দুইটী পূর্ণ হয় তাহাকে দ্বিতীয়, পরে যেটী লইলে তিনটা পূর্ণ হয় সেইটীকে তৃতীয় বলা যায়, ইত্যাদি। প্রথমাদি পদ যে পূরণবাচক তাহা এই রূপে বুঝাইয়া দিতে হয়। ইহার পর কেবল প্রথম, দ্বিতীয় ইত্যাদি পদ যে রূপে প্রয়োগ করিতে হয় তাহার উপদেশ দেওয়া উচিত; যথা, প্রথমের পর দ্বিতীয়, দ্বিতীয়ের পর তৃতীয়, তৃতীয়ের পর চতুর্থ, ইত্যাদি; এবং চতুর্থের পর পঞ্চম ও চতুর্থের পূর্ব্বে তৃতীয়, ইত্যাদি।