মানসাঙ্ক (প্রথম ভাগ, ১৮৭৩)/সপ্তম প্রশ্নাবলী
৭ম। সপ্তম প্রশ্নাবলী।
নয়টী আম্রের ছয়টী আম্র খাইয়া দুইটী এক ব্যক্তিকে দিলে যে কয়টী থাকে, তাহাতে সাতটী যোগ করিলে কয়টী হয়? এক্ষণে রামের বয়স ৯ বৎসর, হরির বয়স ৬ বৎসর ও যাদবের বয়স ৭ বৎসর, পাঁচ বৎসর পূর্ব্বে তাহাদিগের প্রত্যেকের যে যে বয়স ছিল সে সকলের সমষ্টি কত বৎসর হইবে? ইত্যাদি।
৭ এতে ৩ যোগ করিয়া ৫ লইলে যাহা থাকে, তাহাতে ৪ যোগ করিয়া ৬ লইলে কত থাকে? ৯ হইতে ৪ লইয়া বাকীতে তিন যোগ করিলে যাহা হয়, তাহা হইতে ৫ লইয়া বাকীতে ৬ যোগ করিলে কত হয়?
৭ + ২ - ৬ + ৫ + ২ - ৮ = কত?
৫ + ৪ - ৩ + ৪ - ৫ - ২ = কত? ইত্যাদি।
যোগ বিয়োগ বিষয়ক আলোচনা করিবার আর একটী উপায় আছে। সেটী এই। এক সারিতে কতকগুলি অঙ্ক লিখিয়া, যথা, ৩ ৫ ৬ ৭ ৬ ৩ ৪ ৮ ৯ ১ ২ ৭ ২ ৫; প্রথম অঙ্কে দ্বিতীয় অঙ্ক যোগ করিয়া, যোগফল হইতে তৃতীয় অঙ্ক বিয়োগ করিয়া, বিয়োগফলে চতুর্থ অঙ্ক যোগ করিয়া, ইত্যাদি ক্রমে যে যে যোগফল ও বিয়োগফল হইবে, ছাত্রেরা তাহাই বলিবে। এস্থলে ৩+৫=৮, ৮-৬=২, ২+৭=৯, ৯-৬=৩, ইত্যাদি। এইরূপ না লিখিয়া অথবা না বলিয়া ছাত্রেরা কেবল ফলগুলি লিখিবে বা বলিবে। যথা, ৮, ২, ৯, ৩, ৬, ৭, ১০, ১, ২, ০, ৭, ৫, ১০। কখন শেষ অঙ্ক অর্থাৎ দক্ষিণের অঙ্ক, হইতে আরম্ভ করিয়া উক্ত রূপে যোগ বিয়োগ করিলে যে যে ফল হইবে বালকেরা তাহাও বলিবে; কখন বা প্রথমে বিয়োগ পরে যোগ করিবে। কিন্তু এই সকল স্থলে এরূপ অঙ্কগুলি পর পর লেখা উচিত যে যেন যোগ ফলগুলি ও বিয়োগ ফলগুলি দশের তাধিক না হয়।
শিশুদিগের সুশিক্ষা শিক্ষকের নৈপুণ্যেরই উপর নির্ভর করে কিন্তু তাহারা একরূপ কার্য্যে অধিক ক্ষণ ব্যাপৃত থাকিতে ভাল বাসে না। এই গ্রন্থ অবলম্বন করিয়া তাহাদিগকে ভিন্ন ভিন্ন কার্য্যে নিযুক্ত রাখা যাইতে পারে। কখন বালকেরা এই গ্রন্থ দেখিয়া কোন পাঠ পড়িবে বা তাহা শ্লেটে লিখিবে; কখন শিক্ষক কৃত প্রশ্নের উত্তর করিবে, বা এই গ্রন্থ দেখিয়া অন্যান্য বালকদিগকে প্রশ্ন করিবে। কোন পাঠ অভ্যস্ত হইলে পুস্তক না দেখিয়া সেই পাঠটী পড়িবে বা লিখিবে এবং কখন বা তদ্বিষয়-ঘটিত প্রশ্ন করিবে বা তদ্বিষয়-ঘটিত প্রশ্নের উত্তর করিবে।
সমাপ্ত।