মেঘের সন্ন্যাস/রাজা বাহাদুরের দোজখ
অবয়ব
(পৃ. ৩৭)
রাজা বাহাদুরের দোজখ
রাজা বাহাদুর দোজখ বানিয়েছেন
আগে যারা ডাকু ছিলেন
তারা দোজখের উপ-পরিচালক।
রাজা বাহাদুরের দোজখে
আছেন দারোগা, আছেন সহকারী।
এদের জালে যদি একবার ধরা পড়ে যান,
সবার আগে জেনে নিবে আপনার কত তলা বাড়ি,
ব্যাংক ব্যালেন্স কত, গাড়ি আছে কি নাই।
ওজন দিয়ে মেপে মেপে নির্ধারণ হবে
আপনি কোন প্রকারের দোজখে যাবেন।
আপনি হয়তো চুরি করে ডাকাতের ঘরে গেলেন,
অথবা চুরির অপবাদে ডাকাত আপনাকে
ধরে দোজখখানায় নিয়ে আগুনের ছ্যাঁকা দিল,
অথবা অপবাদ মিটিয়ে দেয়ার নামে
হালকা পাতলা অর্থদণ্ড দিয়ে দোজখমুক্তি দিল।
রাজা বাহাদুর দোজখ বানিয়ে দিল
ডাকাতের হাতে চোরের বিচার গেল।