মেঘের সন্ন্যাস/স্বীকারোক্তি
অবয়ব
(পৃ. ৪৩)
স্বীকারোক্তি
জীবনের জটিলতায় পড়েছে ধরা
গোপন দরোজায় লেখা আছে প্রেম
জেগেছে মননে অকপট নদীর ধারা
আমি তো আড়ালেই বাসিতেছিলেম।
এই বর্ষায় তুমি ধরা পড়ে গেলে
জীবনের যত কানামাছি খেলা
সোনাময় ভোগের অভিযান ফেলে
প্রেমময় জীবনের সূক্ষ্ম অবহেলা।
আমাকে নিতে পার অনন্ত জীবন
প্রকাশ্য প্রেমের বিচ্ছুরিত আলো,
গোপনে হবো না দাস অন্ধ লবণ
জেনে রাখো একদিন বেসেছি ভালো।
তোমাকে দিয়েছি প্রাণ তাহাকে জীবন
পৃথিবীর পথে পথে জ্বলেছি আগুন,
রক্তচাপে বাজে সবুজের জয়গান
আত্মপ্রেমে মজে আছি জংলি হরিণ।