বিষয়বস্তুতে চলুন

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/আফগান

উইকিসংকলন থেকে

আফগান

ধৃতরাষ্ট্রের শ্বশুরবাড়ি ছিলো গান্ধার
ক্ষমতার দাপটে পিষ্ট সেই কান্দাহার।
ছড়িয়েছে নাম সারা আর্যাবর্ত জুড়ে
নীরব অস্বস্তি এক আসে ঘুরে ঘুরে।

উপত্যকায় শকুনির দীর্ঘশ্বাস ভাণ্ডার
কাঁধে নিয়ে মরে গেছে আলেকজাণ্ডার।
পদানত করে বেশিদিন রাখা যায়নি তারে
ধূলোয় লুঠায় মান পাহাড়ে পাহাড়ে।

সালতানাতের আগমন আনেনি স্বস্তি
গোত্র-উপগোত্রগুলো আগুনের বস্তি।
নিজেদের সত্তা আর আত্মার ঘর-বাড়ি
নত করতে পারেনি শাসকের তরবারি।

সামাজিক বণিকের দল দাগিয়ে কামান
বলেছিলো এইবার হবে সবাই সমান।
মাথা নত না করে এই বিরাণ উপত্যকায়
নিজের স্বাধীনতা পেতে আমৃত্যু লড়ে যায়।

রুক্ষ মাটির ভেতরে তেলের স্রোতস্বিনী
সারা মানচিত্র জুড়ে আফিম পপির ধ্বনি
এনেছে প্রতারক দুর্বিনীত সশস্ত্র শাসন
বিপরীতে দাঁড়িয়েছে জোব্বার ভাষণ।

চলে গেছে সন্ত্রাসী চলে গেছে জোঁক
তবে এই ক্ষণে আজ মুক্তির গান হোক।
পাগড়ির তলে ওরা গানকে করেছে বন্দী
আবার উত্তাল হবে দেশ, হবে না সন্ধি।

বহু যুগ আগে থেকেই এই আফগান
সাম্রাজ্যবাদের আদিম কবরস্থান।
কবর থেকে দলে দলে উঠে মানুষ আবার
অভুক্ত পেট নিয়ে বারুদ করবে সাবাড়।

তোমারতো নেই কিছু হারাবার
ঘরগুলো এক বিচ্ছিন্ন কারাগার।
এইবার খোলো মুক্তির দুয়ার
জেগে উঠে দেখো তুমিই তোমার।

আফগান তুমি যুগে যুগে এক যুদ্ধের মাঠ
এই ক্ষণে শিখে নিও আগামী দিনের পাঠ।