লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/করোনাযোগ ২৭ মার্চ ২০২০
করোনাযোগ ২৭ মার্চ ২০২০
হাসপাতালগুলো খালি হয়ে যাচ্ছে,
আমাদের বাসাগুলো হাসপাতাল হয়ে যাচ্ছে।
নিয়ম করে জীবাণুনাশক দিতে দিতে
প্রস্তুত করা হচ্ছে সম্ভাব্য রোগীর কেবিন।
শহরে মুখোশ বিক্রেতা বেড়ে গেছে,
কেউ কেউ রাস্তায় জীবাণুনাশক ছিটাতে ছিটাতে
ফেসবুকে ছবি আপলোড দিচ্ছেন।
ঘরে-বাইরে সাবানপানির কব্জিবডুবানো উৎসবে
ঘষতে ঘষতে হাতের চামড়া উঠে যাচ্ছে।
হাতকে কাজে লাগিয়েই মানুষ এখানে এসেছে,
হাতের জন্যই মানুষ পেয়েছে বিশেষ মর্যাদা।
অথচ সেই হাত আজ শত্রু হয়ে মানুষের সাথে
ঘুরে ঘুরে ছড়িয়ে দিচ্ছে আতঙ্কের বিছানা।
আমরা হাসপাতাল বানাতে পারতাম,
আমরা নিজেদের জন্য হাসপাতাল বানাতে পারতাম,
আমরা মানুষের জন্য হাসপাতাল বানাতে পারতাম।
এসব কিছুই না করে আমরা অন্য অনেক কিছু বানিয়েছি
যা আসলে কোনো কাজে আসছে না, আসবেও না।
শহরে শহরে লকডাউন চলছে,
দলবদ্ধ নিরাপত্তা বাহিনীর টহলে
নিশ্চিত করা হবে সামাজিক দূরত্ব।
উৎপাদন বন্ধ হয়ে আসছে,
বন্ধ হয়ে আসছে সভ্যতার ধাবমান গতি।
প্রতিটি যুদ্ধের পর পাল্টে যায় ভূগোল,
প্রতিটি যুদ্ধের পর পাল্টে যায় মানচিত্র,
প্রতিটি যুদ্ধের পর আসে নতুন রাজনীতি।
মানুষতো ঘুরে দাঁড়াবেই জানি
তবে,
এ যুদ্ধের পর পাল্টে যাবে মানুষের চেতনা,
এমনকি পাল্টে যাবে পৃথিবীর যাবতীয় ভূগোল,
যার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিৎ।