বিষয়বস্তুতে চলুন

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/ব্যারিকেড

উইকিসংকলন থেকে

ব্যারিকেড

জল্লাদ আর কসাইয়ের ব্যারিকেড পেরিয়ে
আমি স্পর্শ করতে পারি না পবিত্র সংবিধান,
আমি কেমন করে দাঁড়াবো বিচারের মুখোমুখি?

আজ আমি কাঠগড়ায় দাঁড়াতে চাই,
মহামান্য আদালত আমাকে ডাকুন শাস্তির জন্য।
আমার বিচার করে আমাকে শাস্তি দিন,
আমি জামিন চাইবো না, এমনকি ক্ষমা ভিক্ষাও না।

আমাকে কারাগারে নিক্ষেপ করুন, নিক্ষেপ করুন।
শুধুমাত্র জল্লাদ আর কসাইয়ের ব্যারিকেড পেরিয়ে
আমাকে কাঠগড়ায় আসার ব্যবস্থা করে দিন।

আমি সাতান্ন ধারা বুঝি না,
আমি ডিজিটাল নিরাপত্তা আইন বুঝি না।
আমাকে আহ্বান করুন
আমি স্বেচ্ছায় এসে দাঁড়াতে চাই কাঠগড়ায়।

আজ আপনার কাছে নিঃশর্ত ক্ষমা চাই মোস্তাক ভাই,
আমি জল্লাদ আর কসাইয়ের ব্যারিকেড পেরিয়ে
শুধু একবার পবিত্র সংবিধান স্পর্শ করতে চাই।

যে জাল বিস্তার করে পালিয়েছে পি কে হালদার,
সেই জালে আমার ভাইয়ের মৃত্যুর পর ভেসে উঠছে
প্রিয় প্রিয় দলে দলে নতুন কুমিরের খামার।

আমরা মোস্তাকের মানব কুমির হতে চাই
আদালত চত্বরে, কাশিমপুর কারাগারে
জড়ো হবো পেনিসে ইলেক্ট্রিক শক নিতে নিতে।

কসাই আর জল্লাদের ব্যারিকেড পেরিয়ে
একদিন অবশ্যই স্পর্শ করতে পারবো
শেখ মুজিবের প্রিয় ও পবিত্র সংবিধান।

ছদ্মবেশী দেশপ্রেমিক কসাইদের চক্করে
বঙ্গবন্ধুর হৃদয় রক্তাক্ত করে
যারা রাজত্ব করে যায় দেশ আর কারাগারে
তাদের ব্যারিকেড পেরিয়ে একদিন
নিশ্চিন্তে ঘুমাবো বুকে জড়িয়ে পবিত্র সংবিধান।