বিষয়বস্তুতে চলুন

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/সমর্পণ

উইকিসংকলন থেকে

সমৰ্পণ

এমনি কি আর পাক ধরেছে চুলে?
ভুল করেছি মানতে আমি নারাজ,
গেঁথেছি মালা অভিজ্ঞতার ফুলে।

ফুলের সুবাস নিচ্ছি অবিরাম,
আশেপাশে জীবনের নির্যাস
নতুন করে পাওয়া একটি গ্রাম।

মর্ত্যলোকে সবাই মিলে মিশে,
ক্ষুদ্র ক্ষুদ্র সাপের সাথে থেকে
অবলীলায় চুমুক দিচ্ছি বিষে।

সঙ্গে আছে অভিযোগের ঝুলি,
কালিদহ সাগর আমার জীবন
নির্ভাবনায় ঢেউয়ের পাহাড় তুলি।

ছলাকলায় চলছি বীরের বেশে,
ভরে উঠে সর্ষে দানার সময়
ফোঁটা ফোঁটা জীবন চলে হেসে।

আরও হয়তো কিছু সময় আছে,
পূর্ণ হয়ে আবার আগের মতো
মরণ কালে যাবো তোমার কাছে।