লালন-গীতিকা/৩৮৪
অবয়ব
৩৮৪
পাগল দেয়ানের মন কি ধন দিয়ে পাই।
বলি আমার আমার,
আছে কি ধন আমার,
সদায় মনে মনে ভাবি তাই॥
দেহ-মন-ধন দিতে হয়—
সে-ও ধন তারি, আমার তো নয়,
আমি মুটে মোট চালাই।
আবার ভেবে দেখি
আমি বা কি
ওগো, তা ও তো আমার হিসাব নাই॥
ও সে পাগলা বেটার পাগল খিজি
নয় সামান্য ধনে রাজি
কোন্ ভাবে কোন্ ভাব মিশাই॥
পাগলার ভাব না জেনে
যদি যায় শ্মশানে
পাগল হয় কি অঙ্গে মাখলে ছাই॥
ও সে পাগল ভেবে পাগল হইলাম
সেই পাগলে কই স্মরণ হইলাম
আপন পর তো ভুলি নাই।
অধীন লালন বলে,
আপনার আপনি ভুলে
ঘটে প্রেম, পাগলের এমনি বাই॥