বিষয়বস্তুতে চলুন

শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/ষোড়শী/দ্বিতীয় অঙ্ক/দ্বিতীয় দৃশ্য

উইকিসংকলন থেকে

দ্বিতীয় দৃশ্য

চণ্ডীগড় গ্রাম: গাজনের সং

গীত (১)

বড় প্যাঁচে পড়েছে এবার ভোলা দিগম্বর।
অভিমানী উমারাণী বলেনি তায় প্রাণেশ্বর॥
অনেকদিনের পরে এবার এল শ্বশুর-বাড়ি।
ভেবেছিল আসবে গৌরী পরে পাটের শাড়ী॥
চাঁদ-বদনে কইবে কথা
ঘুচবে ভোলার প্রাণের ব্যথা
কোন কথা না বলে সে পালিয়ে এল ছেড়ে ঘর।
ভাবের ঘোরে ছিল অচেতন
ভেবে চিন্তে পেল নাকো হ’লো এ কেমন—
এবার শান্ত-শিষ্ট গৃহবাসী
করবে তোমায় হে সন্ন্যাসী
জটা বাকল ছাড়িয়ে নিয়ে সাজিয়ে দেবে প্রেমের বর॥


গীত (২)

বৌ নিতে এসেচে এবার আপনি মহেশ্বর।
তুই নাকি সই বলেছিলি
করবি না আর স্বামীর ঘর।

পাঁচ বছরে করে পঞ্চতপা,
তোর হাতে তোর মা-জননী সঁপেচেন ক্ষ্যাপা,
বাঁধতে যদি পারিস্‌নি তায়,
তাই বলে কি হবে সে পর?
(তাই বলে পর হয়ে কি যায়)
একবার নাকি গিয়েছিল কুচুনী পাড়ায়
সত্যি কথা তোর কাছে সই যদিই সে ভাঁড়ায়।
ফেলার জিনিস নয় তো সে তোর বোন
ধুয়ে পুঁছে তুল গে যা তারে ঘর॥