অভ্র একটি মুক্ত সফটওয়্যার কিবোর্ড। এটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের চিকিৎসাবিদ্যার ছাত্র মেহদী হাসান খান ও তাঁর তিন বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা তৈরি করেন। উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তিতে এই অবদানের জন্য এই চারজনকে ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে সম্মানিত করা হয়।
মুক্ত সফটওয়্যার হওয়ার কারণে এই কিবোর্ড ব্যবহার করার জন্য আইনতঃ কোন বাধা নেই। আপনি আপনার কম্পিউটারে এই কিবোর্ড ইনস্টল করতে চাইলে এই ওয়েবসাইটে যান। উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স যে কোন ধরনের অপারেটিং সিস্টেমে এই কিবোর্ড ইনস্টল করা যাবে। ফোনেটিক লেআউট থাকার কারণে এই কিবোর্ডের সাহায্যে রোমান লিপিতে টাইপ করলে তা ধ্বনির মিল অনুসারে বাংলায় রূপান্তরিত করে দেয়, যেমন b টাইপ করলে ব আসে অথবা k টাইপ করলে ক আসে। তাই খুব সহজেই এই কিবোর্ডের ব্যবহার শেখা যায়। নীচে সম্পূর্ণ লেআউট দেওয়া হল।