স্বদেশিনী/আগমনী
অবয়ব
(পৃ. ১০-১১)
আগমনী।
অকাল বোধন দুর্গ আরাধন
উদ্ধারে জনক দুহিতা
সতীর অপমানে বিধিল শেল প্রাণে
উরিলা গিরীশ বনিতা
কেশরী আরোহণে সজ্জিতা প্রহরণে
উজ্জ্বল মুকুট মালিনী
দক্ষিণে শ্রী দ্যুতি বামে স্বরস্বতী
বিঘ্নহর দেব সেনানী
শরদ সমাগমে প্রভাময়ী নিশিথিনী
বিমল চন্দ্রমা শালিনী
স্বাগত হর-রমা জগৎ ধাত্রী উমা
শতকোটি সন্তান পালিনী
স্বাগতমীশ্বরী সুন্দর নগরী
পূর্ণ দেখহ ধন ধান্যে
দুঃখ দৈন্য যত দূর পরাহত
চরণ পরশে জগন্মান্যে
স্বাগত পার্ব্বতী লহ অতি গীতি
শত হৃদি উত্থিত বাণী
হৃদয়ে দেহ ভক্তি বাহুতে দেহ শক্তি
দুর্ব্বল সুতে ভবানী।