স্বদেশিনী/আদেশ বাণী
আদেশবাণী!
ঐ শোন শোন কাহার আদেশ
হতেছে ধ্বনিত বিষানে
পূরবে পশ্চিমে উত্তরে দক্ষিণে
নৈঋতে অগ্নি ঈশানে।
সুখ-দুখ-শোক সকল পাসরি
চলেছে ছুটিয়া কোটি নরনারী;―
রাজা মহারাজা দরিদ্র ভিখারী
মিলিয়া ধরেছে নিশানে।
চলেছে ভাসিয়ে যে তরঙ্গ-যানে
কার সাধ্য এরে ফিরায় শাসনে;
বাধা বিঘ্ন সারি পড়িবে প্রসারি
বিপুল জীবন সঙ্গমে।
বাজ তবে শিঙা ঘন ঘন ঘোর,
বল ভারতের অমানিশা ভোর;
যে আছে নিদ্রিত ভেঙ্গে যাক যোর—
নব-রবি-চ্ছটা গগনে।
নগরে নগরে গ্রাম গ্রামান্তরে
কার স্তুতি গীতি কম্পিত সমীরে;―
পত-পত-পত পতাকার শিরে
শোভিছে ভারত গগনে?
বাঙ্গালী- বিহারী-শিখ-উৎকল,
মারাঠা-পাঞ্জাবী-পাঠান-মোগল
চলেছে ধাইয়ে করি কোলাহল;
কি জানি কাহার আহ্বানে।
বাজ ওরে শিঙা ভঁয় ভঁয় ভোঁম
চমকিয়া ধরা মরুগিরি ব্যোম:
বল―সত্যজয় জয়স্তু ধরম―
কি ভয় হৃদয় মিলনে।
দেবের দুন্দুভি ভারত গগনে
উঠেছে বাজিয়ে, ভয় কি মিলনে;
যেখানে একতা সিদ্ধি সেই খানে
কি ভয় জননী পূজনে।