বিষয়বস্তুতে চলুন

স্বদেশিনী/সমুদ্র-গর্জ্জন শ্রবণে

উইকিসংকলন থেকে

সমুদ্র-গর্জন শ্রবণে।

বহুজনাকীর্ণ স্থানে বহু সংঘর্ষণে
উঠে যে হল‍্হলাধ্বনি, লয় মোর মনে
এও তাই। সহস্রের ঘাত প্রতিঘাতে
সমুত্থিত ও কল্লোল মিশেছে তোমাতে।

বিপুল তরঙ্গ-ভঙ্গে শত স্রোতস্বিনী―
তারি ঐক্যতান, তারি ও মহারাগিণী
ধ্বনিত হতেছে চির নীলাম্বর তলে;
মহাছন্দে মহাবাণী গর্জিয়া উথলে।
শত উন্মাদিনী যেন মিলে এক স্থানে
নাচিছে উত্তলি বাহু, তাঙর নর্ত্তনে
হারাইয়া দিগ্বিদিক্; ফেন-শুভ্র হাসি
তরঙ্গে তরঙ্গে ছোটে উচ্ছ্বাসি উচ্ছ্বাসি;―
এমনি প্রচণ্ড নৃত্যে নারী গরীয়সী
নেচেছিল ঝান‍্সীর শ্রেয়সী মহিষী।
অমনি ভৈরব নৃত্যে অমনি নির্ভীক,
মেতেছিল একদিন মহারাষ্ট্র শিখ;
তোমারি তোমারি কাছে, উন্মত্ত পাথার,
শিখেছিল ওই নৃত্য তেজস্বী, ত।তার;
একদিন ওই নৃত্য ওই মহাগান
শিখেছিল পরে পরে সারা হিন্দুস্থান।
আজি তারা নিদ্রামগ্ন।―কি অভিসম্পাতে
জাগে না হৃদয় আর ওই মহাঘাতে।
ওই গান ওই তান না শিখায় কারে
একতার পরাক্রম অবনী মাঝারে!
অমনি উন্মাদ নৃত্যে চমকিয়া ব্যোম
নেচেছিল ভীম গ্রীস্‌; মহাভূমি রোম!
চলেছে তোমার নৃত্য চির অবিরাম;―
তারা আজি সুপ্তিক্রোড়ে লভিছে বিশ্রাম।

নাহি কি ও কণ্ঠে তবে সেই উন্মাদনা;
ওই নৃত্যে আজি আর নাচিয়া উঠেনা
গগন কম্পিত করি?―মহাঘোর রোলে
শুধুই ও ব্যর্থ বাণী নিয়ত উথলে!