বিষয়বস্তুতে চলুন

৮০ দিনে ভূপ্রদক্ষিণ/দ্বিতীয় খণ্ড/ষষ্ঠ পরিচ্ছেদ

​

ষষ্ঠ পরিচ্ছেদ

সিয়োক্স দস্যু

ণে তিন দিন, তিন রাত্রি কাটিয়া গিয়াছে। এই সময়ের মধ্যে মিঃ ফগ ১৮২ মাইল পথ অতিক্রম করিয়াছেন। ইভানস্ পাস্ নামক ষ্টেশনই সে পথের সর্ব্বোচ্চ রেল ষ্টেশন। সমুদ্র হইতে উহা ৮০৯১ ফিট উচ্চে। তাঁহারা সন্ধ্যার সময় ইভানস্ পাসে আসিয়া পৌঁছিলেন। এখন শৈলপৃষ্ঠ ত্যাগ করিয়া ট্রেণ ক্রমেই নিম্নাভিমুখে ধাবিত হইতে লাগিল।

 প্রভাতে মিঃ ফগ হুইষ্ট খেলিতে আরম্ভ করিলেন। মিঃ ফিক্স এ পর্য্যন্ত অনেক বাজী জয় করিয়াছিলেন। কিন্তু এখন ক্রমে ক্রমে পরাজিত হইতে লাগিলেন। উভয়েই খেলিতে খেলিতে আত্মবিস্মৃত।

 সেবার মিঃ ফগের পালা। তিনি যেই এক খানি চিড়াতন খেলিতে যাইবেন, অমনি শুনিলেন কে যেন পশ্চাৎ হইতে বলিয়া উঠিল “আমি হ’লে হরতন খেলতেম।”

 তাঁহারা চমকিত হইয়া চাহিয়া দেখিলেন পশ্চাতে, কর্ণেল প্রক্টর! তিনিও মিঃ ফগকে চিনিলেন, মিঃ ফগও তাঁহাকে চিনিলেন। কর্ণেল কহিলেন “আপনি যে দেখছি সেই ইংরাজ—তাই ত আপনি চিড়াতন খেলতে যাচ্ছেন!”

​ “হাঁ তাই বটে। দেখুন না আমি খেলছিও তাই।” মিঃ ফগ তাস দিলেন।

 নিক্ষিপ্ত তাস তুলিয়া লইবার চেষ্টা করিয়া কর্ণেল একান্ত ধৃষ্টের ন্যায় কহিলেন, “আমি হরতন খেলতে চাই। আপনি হুইষ্ট খেলার কিছুই জানেন না দেখছি!”

 মিঃ ফগ আসন ত্যাগ করিয়া কহিলেন, “অন্যেও যেমন জানে, আমিও তেমনি জানি।”

 কর্ণেল ব্যঙ্গ করিয়া কহিলেন, “তাই না কি! একবার খেলেই দেখুন না!”

 ব্যাপার দেখিয়া রাণী আউদার মুখমণ্ডল বিবর্ণ হইয়া উঠিল। তিনি মিঃ ফগের হস্ত ধারণ করিয়া তাঁহাকে টানিয়া বসাইলেন। জিয়েন যেরূপ ঘৃণাভরে কর্ণেলের দিকে চাহিয়াছিল, তাহাতে বোধ হইল সে মুহূর্ত্তে তাঁহার উপর নিপতিত হইবে। ফিক্স গোয়েন্দা মিঃ ফগকে পক্ষা করিয়া কহিলেন,—

 “আপনি ভুলে যাচ্ছেন যে, এঁর সঙ্গে আমাকেই আগে বোঝাপড়া করতে হ’বে। ইনি যে আমাকে শুধু অপমানই করেছেন তা নয়—আমাকে প্রহারও করেছেন।”

 ফিলিয়াস্‌ ফগ শান্ত চিত্তে কহিলেন, “মিঃ ফিক্স মার্জ্জনা করুন। বোঝা-পড়াটা কেবল আমার সঙ্গেই হ’বে। ‘কেমন ক’রে, হুইষ্ট খেলতে হয় আমি তা জানি না’ এই কথা ব’লে কর্ণেল আমাকে অত্যন্ত অপমানিত করেছেন। তিনি অবশ্য তার সন্তোষজনক কৈফিয়ৎ দিবেন।”

 কর্ণেল তীব্রভাবে বলিলেন “কৈফিয়ৎ! যখন—যেখানে ইচ্ছা―যেমন করে চান তাই পাবেন!”

 রাণী আউদা মিঃ ফগকে ধরিয়া রাখিতে চেষ্টা করিলেন। গোয়েন্দা ​ফিক্স কর্ণেলের সঙ্গে সর্ব্বাগ্রে যুঝিতে চাহিলেন। জিয়েন কহিল, “আদেশ মাত্রেই আমি গাড়ীর জানালা দিয়া কর্ণেলকে মাঠের মধ্যে ফেলে দিতে পারি।”

 কিন্তু মিঃ ফগ কিছুতেই শুনিলেন না—কোন বাধাই মানিলেন না। তিনি গাড়ী হইতে অবতরণ করিলেন। কর্ণেলও তাঁহার অনুসরণ করিলেন। ট্রেণ তখন একটা ষ্টেশনের নিকট দাঁড়াইয়াছিল।

 প্ল্যাটফরমের উপর নামিয়া মিঃ ফগ বিনীত ভাবে বলিলেন “দেখুন মহাশয়, তাড়াতাড়ি ইউরোপে ফিরে যাওয়া আমার বিশেষ দরকার। এখানে দেরি হলে আমার অত্যন্ত স্বার্থহানি হ’বার সম্ভাবনা।”

 কর্ণেল কহিলেন, “তাতে আমার কি?”

 মিঃ ফগ পূর্ব্ববৎ বিনয়নম্র বচনে কহিলেন, “সানফ্রান্সিস্‌কোতে আপনার সঙ্গে কলহ হ’বার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার ইংলণ্ডের কাজ শেষ হ’লেই আমি আপনার সন্ধানে আবার আমেরিকায় আসবো।”

 “বটে? তাই না কি?”

 “আজ থেকে ছ’মাস পর আপনার সঙ্গে দেখা হ’বে কি?”

 “ছ’মাসে আর কাজ কি! তবে ছ’বছরই বলুন না!”

 “আমি ছ’মাসের কথাই বলছি। ছ’মাস পর আমি ঠিক নির্দ্দিষ্ট স্থানে উপস্থিত হ’ব।”

 কর্ণেল চীৎকার করিয়া কহিলেন, “এ কি বাতুলতা! হয় এখনই, না হয় বোঝা গেল আর কখনো হবে না।”

 “তাই হ’বে। আপনি কি নিউইয়র্কে যাচ্ছেন?”

 “না!”

 “সিকাগোতে?”

 “না।”

​ “ওমাহায়?”

 “আমি যেখানেই যাই না কেন, আপনার তাতে কি? আপনি প্লাম্‌ফ্রিক্ ষ্টেশন জানেন কি?

 “না।”

 “পরের ষ্টেশনই প্লাম্‌ফ্রিক্। গাড়ী সেখানে ১০ মিনিট দাঁড়াবে। গোটাকত বন্দুকের গুলি চালাতে সেখানে আর কতটুক সময় লাগবে?”

 “আচ্ছা তাই হ’লো। আমিও প্লাম্‌ফ্রিকেই নামবো।”

 তখন অসাধারণ ঔদ্ধত্যের সহিত কর্ণেল কহিলেন,―

 “সেখান থেকে আর উঠতে হবে না!”

 মিঃ ফগ ধীরভাবে আপনার গাড়ীতে উঠিতে উঠতে উত্তর দিলেন, “কে জানে কি হ’বে!”

 গাড়ী ছাড়িল। তিনি রাণী আউদাকে আশ্বস্ত করিয়া বলিলেন, “বাচালের কাছে আবার ভয় কি? মিং ফিক্স এ যুদ্ধে আপনি বোধ হয় আমার দোসরের কাজ কর্‌বেন?”

 ফিক্স স্বীকৃত হইলেন।

 আবার হুইষ্ট খেলা আরম্ভ হইল। কিছুক্ষণ পরই যে মিঃ ফগ প্রাণান্তকর দ্বৈরথ সমরে লিপ্ত হইবেন, সে চিন্তা তাঁহাকে মুহূর্ত্তের জন্যও বিচলিত করিতে পারিল না।

 বেলা ১১টার সময় টেনের বংশীধ্বনি প্লাম্‌ফ্রিক স্টেশনে আগমনবার্ত্তা বিজ্ঞাপিত করিল। মিঃ ফগ উঠলেন। জিয়ন ও মিঃ ফিক্স কয়েকটা রিভলভার লইয়া অনুগমন করিল। বিবর্ণমুখী রাণী আউদা মৃতের ন্যায় একাকিনী গাড়ীতেই রহিলেন। তাঁহার নিশ্বাস যেন এক একবার রুদ্ধ হইয়া আসিতে লাগিল।

​ পরমুহূর্ত্তেই পার্শ্বের গাড়ীর দ্বার খুলিয়া কর্ণেল প্রক্টর বাহির হইলেন। একজন আমেরিকান তাঁহার দোসর হইয়াছিল। তাঁহারা যখন ট্রেণ হইতে অবতরণ করেন তখন গার্ড কহিলেন—

 “নামবেন না মশায়।”

 “কেন?”

 “গাড়ী ২০ মিনিট পিছিয়ে পড়েছে। আমি এখানে আর দাঁড়াব না।”

 মিঃ ফগকে দেখাইয়া দিয়া কর্ণেল কহিলেন, “আমি এঁর সঙ্গে একটু দ্বৈরথ-যুদ্ধ করবো স্থির করেছি।” গার্ড কহিলেন, “কি করবো, বড় দুঃখিত হলেম। ওই শুনুন গাড়ীর ঘণ্টা হ’লো।”

 ট্রেণ আর দাঁড়াইল না।

 গার্ড বিনয়ের সহিত কহিলেন, “আমার অপরাধ মার্জ্জনা করবেন। অন্যদিন হ’লে আপনাদের জন্য আমি একটু অপেক্ষা করতে পারতেম যদি আপনারা একান্তই যুদ্ধ করেন, গাড়ী চল্‌তে চল্‌তেও তা হ’তে পারে।”

 মিঃ ফগকে একটু বিদ্রূপ করিয়া কর্ণেল বলিলেন, “বোধ হয় ওঁর তাতে সুবিধা হ’বে না!” ফিলিয়াস্‌ ফগ উত্তব করিলেন, “আমার কোন অসুবিধাই হবে না! আপনার সুবিধা হ’লেই হ’লো।” গার্ড তখন তাঁহাদিগকে সঙ্গে লইয়া ট্রেনের পশ্চাৎ ভাগে গমন করিলেন। শেষ গাড়ীতে ১০-১২ জন মাত্র যাত্রী ছিল। গার্ড তাঁহাদিগকে বলিলেন, “এই দু’জন ভদ্রলোকের একটু হিসাব-নিকাশ আছে। আপনারা যদি এঁদের একটু জায়গা দিতে পারেন তা’ হলে ভাল হয়।”

 তাঁহাদিগকে অনুগৃহীত করিবার জন্য যাত্রীরা নামিয়া গেল।

 গাড়ীখানি ৫০ ফিট দীর্ঘ, সুতরাং বন্দুক লইয়া দ্বৈরথ-সমর করিবার ​অনুপযুক্ত ছিল না। ফিলিয়াস্ ফগ এবং কর্ণেল প্রক্টর গাড়ীর মধ্যে প্রবেশ করিলেন। উভয়ের নিকটেই ছয়নালা রিভল্‌ভার ছিল। গাড়ীর দ্বার বন্ধ করিয়া তাঁহাদিগের সহযোগিগণ অন্যত্র অপেক্ষা করিতে লাগিলেন। এঞ্জিনের বাঁশী শুনিলেই যুদ্ধ আরম্ভ হইবে এবং দুই মিনিট পর্য্যন্ত চলিবে এইরূপ বন্দোবস্ত হইল।

 এত সহজে এবং এত সত্বর সকল বন্দোবস্ত হইয়া গেল যে জিয়েন এবং ফিক্স গোয়েন্দা নির্ব্বাক্ হইয়া গেলেন।

 এঞ্জিনের বংশীধ্বনি শুনিবার জন্য সকলেই অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া অপেক্ষা করিতে লাগিল। এমন সময় চতুর্দ্দিকে ভীষণ গণ্ডগোল আরম্ভ হইল। সেই কোলাহলের মধ্যে ট্রেনের নানা স্থান হইতে বন্দুকের শব্দও শ্রুতিগোচর হইতেছিল। যাত্রিগণ গাড়ীর মধো চীৎকার করিতে লাগিল। চারিদিক্‌ হইতে আর্তনাদ শ্রুত হইতে লাগিল।

 কর্ণেল প্রক্টর এবং মিং ফগ বিভলভার হস্তে ত্বরিতপদে সাহায্যার্থে অগ্রসর হইলেন এবং যেখানে গোলযোগ সর্ব্বাপেক্ষা অধিক সেই দিকে ধাবিত হইলেন।

 লুণ্ঠনকারী দুর্বৃত্ত সিয়োক্স দস্যুগণ চলন্ত ট্রেণ আক্রমণ করিয়াছিল। আমেরিকার সেই নির্জ্জন পথে তাহারা অনেক সময়েই এইরূপ করিত। তরবারি এবং বন্দুক লইয়া তাহারা ক্ষিপ্রগতিতে রেলগাড়ীর পা-দানের উপর লাফাইয়া উঠিত এবং ভিতরে প্রবেশ করিরা আরোহীদিগের যথাসর্ব্বস্ব লুণ্ঠন করিত।

 দস্যুদিগের মধ্যে একজন সর্ব্বপ্রথমে এঞ্জিনের উপর উঠিয়া ড্রাইভার এবং ফায়ারম্যানকে আহত করিল। তাহার ইচ্ছা ছিল যে, ট্রেন থামাইবে। কিন্তু কলের ব্যবহার না জানায় সে হঠাৎ বাষ্প নলের মুখ খুলিয়া ফেলিল। ট্রেণ তখন না থামিয়া আরো ভীষণ বেগে অগ্রসর হইতে লাগিল। তাহার ​সঙ্গিগণ ইতিপূর্ব্বেই গাড়ীর ভিতর প্রবেশ করিয়াছিল। যাত্রীদিগের সহিত তাহাদিগের ভীষণ যুদ্ধ আরম্ভ হইল। রিভলভার এবং বন্দুকের শব্দে কর্ণে তালা ধরিল। তরবারির আঘাতে হু হু করিয়া রুধির-স্রোত ছুটিল। কতজন সিয়োক্স যে সেই চলন্ত ট্রেণের নিম্নে পতিত হইয়া প্রাণ হারাইল তাহা কে বলিতে পারে! যাত্রীদিগের মধ্যে অনেকেই আহত হইয়া গাড়ীর ভিতর পড়িয়া রহিল। রাণী আউদাও বীর-নারীর ন্যায় আত্মরক্ষা করিলেন। তাঁহার রিভলভারের আঘাতে ২০।২৫ জন দস্যুর জীবলীলা ফুরাইল।

 ট্রেণ যেন উল্কার মত ছুটতেছিল। গার্ড বীরের ন্যায় যুঝিতে যুঝিতে মিঃ ফগকে কহিলেন, “যদি ট্রেণ না থামাইতে পারেন, তা’ হ’লে একজনও বাঁচবে না। ফোর্টকিয়ার্ণি ষ্টেশন আর মাত্র ৫।৬ মাইল দূরে। গাড়ী যদি ষ্টেশন ছেড়ে যায়, তা’ হ’লে দস্যুদের কাছে আত্মসমর্পণ করা ভিন্ন উপায় থাকবে না। তারাই তা হ’লে ট্রেণের কর্ত্তা হবে। পরের ষ্টেশন অনেক—”

 গার্ড আরো কি বলিতে যাইতেছিলেন, কিন্তু দস্যুর একটী গুলি আসিয়া তাঁহার বক্ষ ভেদ করিল। তিনি অবিলম্বে মৃত্যুমুখে পতিত হইলেন!

 মিঃ ফগ এতক্ষণ বীরদর্পে যুদ্ধ করিতেছিলেন। গার্ডের কথা শুনিয়াই যুদ্ধে ক্ষান্ত দিয়া ট্রেণ থামাইবার জন্য অগ্রসর হইলেন। এঞ্জিনে গমনের পথ যে শত্রু কর্ত্তৃক অবরুদ্ধ হইয়াছিল, তাহা তিনি দেখিয়াও গ্রাহ্য করিলেন না। জিয়েন তাঁহার পার্শ্বে থাকিয়াই যুদ্ধ করতেছিল। সে চীৎকার করিয়া কহিল, “আপনি যাবেন না―যাবেন না। এ একটা সামান্য কাজ―ভৃত্যেরই উপযুক্ত।”

 মিঃ ফগ তাহাকে নিবারণ করিতে না করিতেই সে জানালা দিয়া ​একখানি গাড়ীর নীচে নামিয়া গেল এবং অতি সুকৌশলে ঝুলিতে ঝুলিতে এক গাড়ী হইতে অন্য গাড়ী, তাহার পর আর এক গাড়ী এই রূপে ট্রেণের সম্মুখভাগে যাইয়া উপনীত হইল। লগেজ গাড়ী এবং এঞ্জিনের মধ্যস্থিত একটী লৌহদণ্ড এক হস্তে ধারণ করিয়া জিয়েন অপর হস্তে সংযোজনশৃঙ্খল মুক্ত করিয়া দিল। যে লৌহদণ্ড দিয়া এঞ্জিনের সহিত লগেজগাড়ী আবদ্ধ ছিল, তাহা তখন মুহূর্ত্তে ভাঙ্গিয়া গেল! শূন্য এঞ্জিন বিদ্যুদ্বেগে সম্মুখে ছুটিতে লাগিল—ট্রেণের গতি প্রতিমুহূর্ত্তেই কমিতে আরম্ভ হইল। দেখিতে দেখিতে ট্রেণখানি আসিয়া ফোর্টকিয়ার্ণি ষ্টেশনের অনতিদূরে একেবারে পামিয়া গেল। দস্যুগণ তখন পলায়ন করিয়াছিল।

 ট্রেন থামিলে যখন হতাহতের সংখ্যা করা হইল, তখন যাত্রীদিগের মধ্যে অনেককেই পাওয়া গেল না। ফরাসী জিয়েনের সন্ধানও কেহ দিতে পারিল না!