বিষয়বস্তুতে চলুন

৮০ দিনে ভূপ্রদক্ষিণ/প্রথম খণ্ড/অষ্টাদশ পরিচ্ছেদ

​

অষ্টাদশ পরিচ্ছেদ

তঙ্কাদিরি

দিকে যখন এইরূপে মিঃ ফগের ভবিষ্যৎ আকাশ ঘনঘটাচ্ছন্ন হইতেছিল, তখন তিনি নিশ্চিন্ত চিত্তে রাণী আউদাকে সঙ্গে লইয়া বাজারে বাহির হইয়াছিলেন। রমণীর নিত্য আবশ্যক দ্রব্যসম্ভার সঙ্গে না থাকিলে রমণী পথ চলিতে পারে না। তাই মিঃ ফগ আউদার সনির্ব্বন্ধ নিষেধ সত্ত্বেও তাঁহার জন্য কতকগুলি অত্যাবশ্যক দ্রবাদি ক্রয় করিতেছিলেন।

 পান্থনিবাসে প্রত্যাবর্ত্তন করিয়া ফিলিয়াস্ ফগ আহার করিলেন এবং আহারান্তে সচিত্র “লণ্ডন নিউজ” এবং “টাইমস্‌” পাঠে মনোনিবেশ করিলেন। যাহাকিছু ঘটিলেই বিস্মিত হইবার লোক হইলে, মিঃ ফগ দেখিতেই পাইতেন যে তাঁহার ভৃতা তখনো ফিরিয়া আসে নাই।

 প্রভাতে যখন তিনি জিয়েনকে ডাকিলেন তখনো তাহার কোন সাড়া পাওয়া গেল না। ফগ তখনই প্রথম শুনিলন যে, পূর্ব্বরাত্রেও সে আসে নাই। তিনি বিনা বাক্যব্যয়ে জিনিষপত্র গুছাইয়া লইলেন এবং কর্ণাটিক জাহাজে যাইবার জন্য রাণী আউদাকে সঙ্গে করিয়া শিবিকা আরোহণে যাত্রা করিনে। জেটীতে উপস্থিত হইয়া শুনিলেন পূর্ব্বদিন সন্ধ্যার সময় জাহাজ ছাড়িয়া গিয়াছে। রাণী আউদার দিকে চাহিয়া তখন মিঃ ফগ কেবল কহিলেন, “তার জন্য ভাববেন না! পথে-ঘাটে চলতে গেলে এ সব গোলযোগ একটা হয়েই থাকে!”

​ অদূরে দাঁড়াইয়া গোয়েন্দা ফিক্স এ সমস্ত দেখিতেছিলেন। তিনি নিকটে আসিয়া মিঃ ফগকে জিজ্ঞাসা করিলেন,―“আপনিই না কাল আমাদের সঙ্গে রেঙ্গুন জাহাজে এসেছিলেন?”

 “হাঁ। তা’ আপনার সঙ্গে ত আমার সাক্ষাৎ—”

 “ক্ষমা করবেন। আপনার ভৃত্যের সঙ্গে এখানে দেখা পাব বলেই এসেছিলাম।”

 রাণী আউদা তাড়াতাডি জিজ্ঞাসা করিলেন, “তার সন্ধান কি আপনি দিতে পারেন?”

 বিস্ময়ের ভাণ করিয়া গোয়েন্দা উত্তর করিলেন, “আমি? না। সে কি আপনাদের সঙ্গে আসে নাই! এ ত বড় আশ্চর্যা কথা!”

 “না সে ত আসে নাই। কাল থেকেই সে অনুপস্থিত। হয় ত বা সে কর্ণাটিক জাহাজে চলেই গেছে।”

 “সে কি আপনাদের রেখেই চলে’ যাবে? আপনারাও বুঝি ঐ জাগজে যেতে চেয়েছিলেন?”

 “হাঁ।”

 “আমিও যাব মনে করেছিলেম। জাহাজখানা চলে যাওয়াতে বড় অসুবিধা হয়েছে। আমি খবর নিয়েছিলেম, শুনলেম যখন ছাড়ার কথা তার ১২ ঘণ্টা পূর্ব্বেই জাহাজখানা ছেড়ে যাবার জন্য প্রস্তুত হয়েছিল। ১২ দিনের মধ্যে ত আর অন্য জাহাজ পাওয়া যাবে না। বড়ই অসুবিধা হ’ল!”

 কথা বলিতে বলিতে ফিক্সের নয়নের কোণে অধরের প্রান্তে একটু মৃদু হাসি দেখা দিল। সে হাসি সরল হাসি নহে—তাহা সয়তানের হাসি। সে মনে মনে ভাবিতেছিল, আর ৮ দিন—তাহা হইইে ত পরোয়ানা হস্তগত হইবে। আর ভয় কি?

​ মিঃ ফগ তাঁহার স্বভাবসিদ্ধ ধৈর্য্যের ও গাম্ভীর্য্যের সহিত বলিলেন “কর্ণাটিক ছাড়াও হংকং বন্দরে আরো অনেক জাহাজ ত দেখা যাচ্ছে!” তিনি আর কালবিলম্ব না করিয়া রাণী আউদাকে সঙ্গে লইয়া জাহাজ ঘাটার দিকে চলিলেন।

 গোয়েন্দা অবাক্! ভাবিলেন ‘এরা বলে কি!’ তিনিও ফগের পশ্চাদনুসরণ করিলেন।

 ঘুরিতে ঘুরিতে তিন ঘণ্টা কাটয়া গেল, একখানি অর্ণবপোতও সংগৃহীত হইল না। কোন জাহাজে পণ্যাদি বোঝাই হইতেছিল, কোন জাহাজ হইতে বা ভারে ভারে নামিতেছিল। কেহই ইয়োকোহামায় যাইতে সম্মত হইল না! অদৃষ্টলক্ষ্মী কি ফিলিয়াস্ ফগকে পরিত্যাগ করিয়াছিলেন?

 গোয়েন্দা ফিক্স প্রফুল্ল হইলেন।

 মিঃ ফগ তখনো ঘাটে ঘাটে অনুসন্ধান করিতেছিলেন। পথিমধ্যে একজন নাবিকের সহিত তাঁহার সাক্ষাৎ হইল। নাবিক কহিল, “হুজুর কি যানের সন্ধানে ফিরছেন?”

 “এখনই ছাড়তে পার, তোমার এমন কোন তরণী আছে?”

 “আছে হুজুর। ৪৩ নম্বর আড়কাটীর নৌকাই আমার। এ বন্দরে ওর চেয়ে ভাল নৌকা আর পাবেন না।”

 “বেশ দ্রুত যেতে পারবে ত?”

 “ঘণ্টায় ৮।৯ মাইল করে’ চলে। আসুন না একবার দেখবেন চলুন।”

 “চল।”

 “দেখলেই আপনার মনে ধরবে। বুঝি সমুদ্রের মধ্যে একটু বেড়ানো-চেড়ানোর জন্যই নৌকাখানা চাই?”

​ “হাঁ তাই বটে। তবে ঠিক বেড়ানো নয়, তার চেয়ে একটু বেশী। এই ধর না—সমুদ্র―যাত্রা।”

 “সমুদ্র―যাত্রা!”

 “আমি ইয়োকোহামা যেতে চাই।”

 নাবিক হতবুদ্ধি হইয়া মিঃ ফগের মুখের দিকে চাহিয়া কহিল, “হুজুর ঠাট্টা করছেন না ত?”

 “না ঠাট্টা কেন। আমি কর্ণাটিক জাহাজ ধরতে পারি নাই। ১৪ই তারিখের মধ্যেই আমাকে ইয়োকোহামা পৌঁছিতে হ’বে। দেরি হ’লে চলবে না। সেখানে যেয়ে সান্‌ফ্রান্সিস্‌কোর জাহাজ ধরা চাই।”

 “বড় দুঃখিত হচ্ছি―সেটা অসম্ভব।”

 “আমি দিন ১০০০ টাকা ভাড়া দিব। আর যদি ঠিক সময়মত যেতে পায়, তাহ’লে আরো তিন হাজার টাকা পুরস্কার পাবে।”

 “আপনি সত্যই যাবেন ত?”

 “নিশ্চয়ই যাব।”

 নাবিক একবার আকাশের দিকে চাহিল, আবার সেই অপার লবণাম্বুরাশির দিকে দৃষ্টিপাত করিল। শেষে চিন্তামগ্ন হইয়া ইতস্ততঃ পদচারণ করিতে লাগিল। একদিকে প্রভূত ধনরাশি, অপর দিকে জীবনের আশঙ্কা। তাহার মনের ভিতর একটা যুদ্ধ চলিতে লাগিল।

 গোয়েন্দা ফিক্স তখন যেন কাঁটার উপর ঝুলিতেছিলেন! মিঃ ফগ আউদার দিকে চাহিয়া কহিলেন, “ছোট নৌকা, আপনার ভয় হ’বে না ত?”

 “না। আপনার সঙ্গে যেতে আর ভয় কি।”

 অনেক চিন্তার পর মাথার টুপী খুলিয়া ছড়ির অগ্রভাগে ঘুরাইতে ঘুরাইতে নাবিক আসিয়া কহিল, “আমার ছোট নৌকা, আমি অতদূর ​যেতে সাহস করি না। কি জানি—বলা যায় না—এখন ঝড়-তুফানের সময়। সকলেরই প্রাণ যেতে পারে। ইয়োকাহামাও কম দূর নয়—এখান থেকে ১৬৫০ মাইল। সময় মত বোধ হয় যেতেও পারা যাবে না।”

 “১৬৫০ মাইল ত নয়, ১৬০০ মাইল।”

 “ও একই কথা।”

 এতক্ষণে ফিক্স গোয়েন্দা নিশ্বাস ফেলিয়া বাঁচলেন! নাবিক বলিতে লাগিল, “তবে এক কাজ করা যেতে পারে―”

 এই সর্ব্বনাশ! নিরুদ্ধ নিশ্বাসে মিঃ ফিক্স নাবিকের মুখের দিকে চাহিয়া রহিলেন। ভাবিলেন, এ আপদ্ জুটিল কোথা হইতে!

 মিঃ ফগ কহিলেন, “কি করতে চাও?”

 “নাগাসিকি এখান থেকে ১১০০ মাইল, সাংঘাই ৮০০। সাংঘাই গেলে আমরা অনেকটা তীরের কাছ দিয়েই যেতে পারব। স্রোতের টানটাও পাব।”

 “কিন্তু আমাকে যে ইয়োকোহামার আমেরিকার ডাক জাহাজ ধরতে হ’বে?”

 “বেশ ত তাই হ’বে। সান্‌ফ্রান্সিস্‌কোর জাহাজ ত আর ইয়োকোহামা থেকে ছাড়ে না―সাংঘাই থেকেই ছাড়ে। যেতে যেতে ইয়োকোহামা আর নাগাসিকিতে দাঁড়ায়।”

 “তুমি ঠিক জান ত?”

 “ঠিক জানি।”

 “কবে সাংঘাই থেকে ছাড়বে?”

 “১১ই তারিখ সন্ধ্যাবেলা। তা’ হ’লেই ৪ দিন এখনো আছে। অর্থাৎ ৯৬ ঘণ্টা। যদি ঘণ্টায় ৮ মাইল করে’ যেতে পারি আর বাতাস থাকে, তা’ হ’লে আমরা ঠিক সময় মতই সাংঘাই পৌঁছিতে পারব।”

​ “তোমরা কখন রওনা হ’তে পারবে?”

 এক ঘণ্টার মধ্যে। কিছু খাবার কিনে নিব আর নৌকার পালটা বাঁধব—এই যা দেরি।”

 “তবে কথা ঠিক হ’ল? তোমারই ত নৌকা?”

 “হাঁ আমারই নৌকা। আমার নাম জন্ বুন্‌স্‌বি। আমার নৌকার নাম তঙ্কাদিরি।”

 “তুমি কি কিছু আগাম চাও?”

 “যদি হুজুরের সুবিধা হয় দিতে পারেন।”

 “এই ধর—তিন হাজার টাকা আছে।” মিঃ ফগ নাবিকের হস্তে কতকগুলি নোট দিলেন।

 মিঃ ফিক্স নিকটেই ছিলেন। তাঁহার দিকে চাহিয়া ফগ কহিলেন, “মশায়, যদি ইচ্ছা করেন তা’ হলে—”

 “ধন্যবাদ, ধন্যবাদ। আমিও আপনাকে বলব মনে করিয়াছিলাম।”

 “তা হ’লে আধঘণ্টার মধ্যেই প্রস্তুত হচ্ছি।”

 রাণী আউদা বিমর্ষ ভাবে কহিলেন, “আহা, চাকরটার কি করা যাবে?”

 তাঁহাকে আশ্বস্ত করিয়া মিঃ ফগ বলিলেন, “আমার যা’ সাধ্য তা’ করব।”

 তাঁহারা তখন পুলিশ আফিসে যাইয়া জিয়েনের চেহারার বর্ণনা লিপিবদ্ধ করাইলেন এবং তাহার অনুসন্ধানের ব্যয় ও গৃহে যাইবার পাথেয় বলিয়া কিছু অর্থও দিয়া আসিলেন।

 বেলা তিনটার সময় তঙ্কাদিরি সমুদ্রযাত্রার অন্য প্রস্তুত হইল। নৌকা খানি ক্ষুদ্র বটে ৬০০ মণ বোঝাই লয়, কিন্তু খুবই দৃঢ় ও দ্রুতগামী। দেখিতেও বেশ পরিষ্কার, যেন একটী সমুদ্রবিহারী শ্বেতপক্ষী দুলিয়া দুলিয়া ​নৃত্য করিতেছে। নৌকার বাইচে তঙ্কাদিরিই ইতিপূর্ব্বে অনেক পুরস্কার পাইয়াছিল। বুন্‌স্‌বির অধীনে আরো ৪ জন মাল্লা ছিল। বুন্‌স্‌বি বেশ দৃঢ়কায়,উৎসাহী এবং দক্ষ মাঝি! তঙ্কাদিরি তাহার গৌরবের কারণ ছিল।

 মিঃ ফগ ও রাণী আউদা জিনিষপত্র লইয়া নৌকায় উঠিলেন। ফিক্স গোয়েন্দা ইতিপূর্ব্বেই আসিয়াছিলেন। তাঁহাকে দেখিয়া ফগ কহিলেন। “আমি বড় দুঃখিত হচ্ছি যে এ নৌকায় আপনার থাকার ভাল বন্দোবস্ত করতে পারছিনে। কোন রকম করে’ এর মধ্যেই কাটাতে হ’বে।”

 গোয়েন্দা মনে মনে বড়ই লজ্জিত হইলেন। দস্যুর আতিথ্য গ্রহণ করিয়া নিজেকে বড়ই খাটো বলিয়া মনে করিতে লাগিলেন। আপন মনে বলিলেন, “লোকটা দস্যুই হোক্, আর ফগই হোক, কিন্তু একান্ত বিনয়ী ও ভদ্র।” প্রতিমুহূর্ত্তেই তাঁহার আশঙ্কা ইতে লাগিল যদি হঠাৎ জিয়েন আসিয়া উপস্থিত হয়, তবেই ত সকল ভূর ভাঙ্গিয়া যাইবে!

 গোয়েন্দার অদৃষ্ট সুপ্রসন্ন ছিল। বুন্‌স্‌বি তাহার তঙ্কাদিরির পাল তুলিয়া দিল। বাতাসে পাল ফুলিয়া উঠিল। দেখিতে দেখিতে তঙ্কাদিরি বন্দর ছাড়িয়া তীরের ন্যায় ছুটিতে লাগিল।