সোহাগি মরিল পুড়ি হরিহোড় লয়ে।
স্বর্গে গেল বসুন্ধর বসুন্ধরা হয়ে॥
অন্নপূর্ণা গাঙ্গিনীর তীরে উপনীত।
রচিল ভারতচন্দ্র অন্নদার গীত॥
অন্নদার ভবানন্দভবনে যাত্রা।
কে জানিবে তারা নাম মহিমা গো।
ভীম ভজে নাম ভীমা গো
আগমে নিগমে পুরাণ নিয়মে শিব দিতে নারে সীমা গো
ধর্ম্ম অর্থ কাম মোক্ষ ধাম নাম শিবের সেই সে অণিমা গো
নিলে তারা নাম তরে পরিণাম নাশে কলির কালিমা গো
ভারত কাতর কহে নিরন্তর কি কর কৃপাবক্রিমা গো॥
অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে।
পার কর বলিয়া ডাকিলা পাটুনীরে॥
সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনী।
ত্বরায় আনিল নৌকা বামাস্বর শুনি॥
ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনী।
একা দেখি কুলবধূ কে বট আপনি॥
পরিচয় না দিলে করিতে নারি পার।
ভয় করি কি জানি কে দিবে ফের ফার॥
ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী।
বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি॥
বিশেষণে সবিশেষ কহিবারে পারি।
জানহ স্বামির নাম নাহি ধরে নারী॥