বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/৭৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কালমৃগয়া
৬১৯

দ্বিতীয়। বায়ু বহে পরিমল লুটিয়া।
তৃতীয়। সাঁঝের অধর হতে
ম্লান হাসি পড়িছে টুটিয়া।
চতুর্থ। দিবস বিদায় চাহে,
সরযূ বিলাপ গাহে,
সায়াহ্নেরই রাঙা পায়ে
কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া।
সকলে। এসো সবে এসো, সখী,
মোরা হেথা বসে থাকি—
প্রথম। আকাশের পানে চেয়ে
জলদের খেলা দেখি।
সকলে। আখি-’পরে তারাগুলি
একে একে উঠিবে ফুটিয়া॥
সকলে। ফুলে ফুলে ঢ’লে ঢ’লে বহে কিবা মৃদু বায়,
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়,
কী জানি কিসেরই লাগি প্রাণ করে হায়-হায়॥

প্রথম। নেহারো, লো সহচরী,
কানন আঁধার করি
ওই দেখো বিভাবরী আসিছে।
দ্বিতীয়। দিগন্ত ছাইয়া
শ্যাম মেঘরাশি থরে থরে ভাসিছে।
তৃতীয়। আয়, সখী, এই বেলা
মাধবী মালতী বেলা
রাশি রাশি ফুটাইয়ে কানন করি আলা।
চতুর্থ। ওই দেখো নলিনী উথলিত সরসে
অফুট মুকুলমুখী মৃদু মৃদু হাসিছে।