এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
এবার তোরা আমার যাবার বেলাতে
সবাই জয়ধ্বনি কর্!
ভোরের আকাশ রাঙা হলরে
আমার পথ হল সুন্দর।
কি নিয়ে বা যাব সেথা
ওগো তোরা ভাবিসনে তা,
শূন্যহাতেই চলব, বহিয়ে
আমার ব্যাকুল অন্তর।
মালা পরে যাব মিলনবেশে
আমার পথিকসাজা নয়।
বাধাবিপদ আছে মাঝের দেশে
মনে রাখিবে সেই ভয়।
যাত্রা যখন হবে সারা
উঠ্বে জ্বলে সন্ধ্যাতারা,
পূরবীতে করুণ বাঁশরী
দ্বারে বাজবে মধুরস্বর।