বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২০
অদ্ভুত-রামায়ণ।

কমঠাদি ঊর্দ্ধ্বরেতা পশ্চিম হইতে,
আইলেন বশিষ্ঠাদি শিষ্যের সহিতে।
শিষ্য উপশিষ্য সঙ্গে যত মুনিগণ,
আশীর্ব্বাদি ফল করে সভায় গমন।
স্বস্তি বাক্য উচ্চারণে আশীর্ব্বাদ করি,
দাণ্ডাইলা সভাস্থলে যত তপাচারী
গলবস্ত্রে রামচন্দ্র করি শাত্রোত্থান,
অভ্যার্থনা আদি করি রাখিলা সম্মান।
রাম দত্ত দিব্যাসনে যত মুনিগণ,
বসিলেন সবে হয়ে অতি হর্ষ মন।
মহাতেজা রামচন্দ্র সীতার সহিত,
ভ্রাতৃগণ পৌরজন হয়ে একত্রিত।
যথাবিধি পূজা করিলেন মুনিগণে,
পরিতুষ্ট মুনিগণ মঙ্গলোচ্চারণে।
বক্তৃশ্রেষ্ঠ মুনিগণ প্রশংসেন রামে,
তুমি ত্রিজৎ কর্ত্তা আসি ধরাধামে।
পুত্ত্রাদি অমাত্য সহ বধিলে রাবণ,
পুনর্জ্জাত প্রায় সুস্থ হইল ভুবন।
সকলের ক্লেশদায়ী রাবণ দুর্ব্বার,
ত্রিজগতে নাহি হয় উপমা যাহার
দশ মুখে দশদিক করিদরশন,
আজ্ঞায় করিত দশ দিকের শাসন।