এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিষকন্যার কথা।
শ্বশুরে বিদায় কোরে নৃপগণ সনে।
এলেন কাঞ্চনী পুরে হরষিত মনে॥
বিষধরে রক্ষা করে পুরী মনোহরে।
শত শত নাগকন্যা বিচরণ করে॥
বর্ণ হারে বর্ণিবারে রূপ অতুলনা।
সেনা নৃপ সনে স্তব্ধ কল্কির ভাবনা॥
বেষ্টিত চন্দন বৃক্ষে মণিতে খচিত।
অপূর্ব্ব রচিত পুরী দেবের রমিত॥
কত শত রাজা এসে গেছে রসাতল।
হইল আকাশ-বাণী “একা কল্কি চল”॥
শুনে কল্কি শুরু সনে অশ্ব আরোহণে।
গিয়ে দেখে বিষকন্যা ভাবে মনে মনে॥
হেরিলে সে রূপ ছটা মুখি-মন টলে।
হাঁসিতে ফাঁসিতে কন্যা রমানাথে বলে॥
এত দিনে প্রভো! বুঝি বিধি অনুকুল।
সুরাসুর নরে নাহি তব সমতুল॥
কল্কি বলে কও কন্যা কাহার ললনা।
কি কারণে বন্দী হেন প্রকাশে বল না॥