বিষয়বস্তুতে চলুন

পাতা:চাঁদের পাহাড়.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬৮
চাঁদের পাহাড়

 শঙ্কর ওর কথা শুনে চটেছিল, বল্লে—তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই। সঙ্গে সঙ্গে সে এটাও বুঝলে, লোকটা পোকার খেলবার ছলে তার সর্ব্বস্ব অপহরণ করতে চায়। পোকার একরকম তাসের জুয়াখেলা—শঙ্কর নাম জানলেও সে খেলা জীবনে কখনো দেখেওনি, নাইরোবিতে সে জানতো বদমাইশ জুয়াড়িরা পোকার খেলবার ছল করে নতুন লোকের সর্ব্বনাশ করে। এটা এক ধরণের ডাকাতি।

 শঙ্করের উত্তর শুনে পর্টুগিজ বদ্‌মাইসটা রেগে লাল হয়ে উঠ্‌ল। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরুতে চাইল। সে আরও কাছে ঘেঁষে এসে, দাঁতে দাঁত চেপে, অতি বিকৃত সুরে বললে—কী? নিগার, কি বল্লি? ইষ্ট ইণ্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখচি! তোর ভবিষ্যতের মঙ্গলের জন্যে তোকে জানিয়ে দিই যে, তোর মতো কালা আদমিকে আল্‌বুকার্ক এই রিভল্‌ভারের গুলিতে কাদাখোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেচে। আমার নিয়ম হচ্চে এই শোন্। কাবালোতে যারা নতুন লোক নামবে, তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে, নয়তো আমার সঙ্গে রিভলভারে দ্বন্দ্বযুদ্ধ করবে।

 শঙ্কর দেখলে এই বদমাইস লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য্য। বদ্‌মাইসটা হচ্চে একজন ক্র্যাক্‌-শট্ গুণ্ডা, আর সে কি? কাল পর্য্যন্ত রেলের নিরীহ কেরাণী ছিল। কিন্তু যুদ্ধ না করে যদি পোকারই খেলে তবে সর্ব্বস্ব যাবে।