বিষয়বস্তুতে চলুন

পাতা:মৈমনসিংহ গীতিকা (প্রথম খণ্ড) - দীনেশচন্দ্র সেন.pdf/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কাজলরেখা


আরম্ভ— (মানিকরে) 

সভাপতি-পদে আমি মিন্নতি[] জানাই।
আমি যে গাইবাম গান হেন সাধ্য নাই॥
অল্পমতি অল্পজ্ঞানী মই দুরাচার।
এই সভায় গাইতে গান কি শক্তি আমার॥
দশ জনায় ধইরাছুইন্‌[] মোরে না দেখি উপায়।
তবে যে গাইবাম গান উস্তাদের কিরপায়[]
উস্তাদের চরণে আমার শতেক পন্নাম[]
একমনে সভাজন কর অবধান॥

(১)

মানিকরে— 
ভাটিয়াল মুল্লুকে আছিল এক সদাগর।
কুঠীয়াল[] আছিল সাধু নাম ধনেশ্বর॥
এক কইন্যা এক পুত্র ছিল সাধুর ঘরে।
ধনী আদ[] হইল সাধু মা লক্ষ্মীর বরে॥
দশ না বছরের কন্যা কাজলরেখা নাম।
দেখিতে সুন্দর কন্যা অতি অনুপম॥
হীরা-মতি জ্বলে কন্যা যখন নাকি হাসে।
সুজাতি[] বর্ষার জলেরে যেমন পদ্মফুল ভাসে॥

  1. মিন্নতি=মিনতি।
  2. ধইরাছুইন্=ধরিয়াছেন, অনুরোধ করিয়াছেন।
  3. কিরপায়=কৃপায়।
  4. পন্নাম=প্রণামের অপভ্রংশ।
  5. কুঠীয়াল=বৃহৎ পাকা গৃহাদির স্বামী।
  6. ধনী আদ=ধনবান্।
  7. সুজাতি=সুদৃশ্য।